মিয়ানমারের কোনো লজ্জা নাই
অনলাইন ডেস্ক: মিয়ানমারের সেনা হামলার মুখে গত বছরের ২৫ আগস্টের পর ৭ লাখের বেশির বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের দেশে ফিরিয়ে নিতে বিভিন্ন সময়ে নানা প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। এমনকি বাংলাদেশ সরকারের সঙ্গে এ নিয়ে তারা চুক্তিও করেছে। তারপরও এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবসনে কোনো কার্যকর ভূমিকা চোখে পড়েনি। বুধবার এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার প্রধান জেইদ রাদ-আল হুসেইন বলেছেন, মিয়ানমারের আসলে কোনো লজ্জা নাই।
আগামী ৩১ আগস্ট দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন মানবাধিকার প্রধান জেইদ আল হুসেইন। এর আগে গত বুধবার (৪ জুলাই) মানবাধিকার কাউন্সিলে শেষ বক্তব্য রাখেন এই জাতিসংঘ কর্মকর্তা। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের টালবাহানার সমালোচনা করে বলেন, তারা গোটা বিশ্বকে দেখাতে চাইছে যে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া সকল রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি। অথচ তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি।
রোহিঙ্গা নিধনযজ্ঞের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘আমি গত চার বছর ধরে হাই কমিশনার হিসেবে যত নিপীড়ন দেখেছি তার মধ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবাধিকার অপরাধ স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন।’
এরপরই তিনি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার, আপনাদের কি কোনো লজ্জা নাই, কোনোই লজ্জা নাই? আমরা নির্বোধ নই।’
এর আগে জেইদ রাদ-আল হুসেইনকে মিয়ানমারের ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা সংকটের আসল সমস্যা হচ্ছে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদকে কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না।
বাংলাদেশে অবস্থানরত সাত লাখের বেশি রোহিঙ্গার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে জেইদ রাদ-আল হুসেইন আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর উচিত রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানো। তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো অপরাধের বিষয়ে আইসিসি’র তদন্তের আহবান জানান।
এছাড়া রাখাইনে মানবাধিকার কাউন্সিলের কর্মকর্তাদের রাখাইনে প্রবেশাধিকার দেওয়ার আহবান জানিয়েছেন জাতিসংঘের এই কর্মকর্তা। সূত্র: নিউইয়র্ক টাইমস











