‘মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে জাতিসংঘের দৃঢ় মনোভাব দেখিয়ে যেতে হবে’
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিব সারা দুনিয়াকে একসঙ্গে কাজ করার যে আহ্বান জানিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওয়ালিউর রহমান। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ অত্যন্ত সরব। তারা মিয়ানমারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে যেন রোহিঙ্গাদের ফেরত নেয়। এ বিষয়ে তাদের সক্রিয়তা বা তৎপরতা উল্লেখযোগ্য। কিন্তু যেসব জায়গায় গিয়ে জাতিসংঘের বিভিন্ন উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে আরও কাজ করতে হবে। প্রচুর কাজ করার রয়েছে সেসব জায়গা। হাল ছাড়া যাবে না। জাতিসংঘকে তার দায়িত্ব পালন করে যেতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে জাতিসংঘের দৃঢ় মনোভাব দেখিয়ে যেতে হবে। কোনোভাবেই পিছু হটা যাবে না।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের সৃষ্টি না, মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে এ জনগোষ্ঠী আমাদের দেশে ছুটে এসেছে। মানবিক বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। খাদ্য ও নিরাপত্তা দিচ্ছে। দুনিয়া আমাদের মানবিকতা, সাহসিকতার প্রশংসা করছে। সফররত জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রশংসা করেছেন। সমস্যা সমাধানে বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমারও মনে হয়, একসঙ্গে কাজ করার বিকল্প নেই। যতবেশি দেশ, মানুষ, রাষ্ট্র মিয়ানমারের এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেবে ততই সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে। মানবিক বিশ্ব ইতোমধ্যেই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশকে সমস্যা সমাধানে সহযোগিতা করছে। আমরা দেখতে চাই, সব বাধা অপসারণ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। কারণ রোহিঙ্গাদের ফেরত যেতেই। মিয়ানমারকে ফেরত নিতেই হবে তাদের নাগরিকদের।
এক প্রশ্নের জবাবে ওয়ালিউর রহমান বলেন, রোহিঙ্গারা নিরাপত্তার জন্য হুমকি। দীর্ঘদিন তাদেরকে আশ্রয় ও লালন-পালন করা সম্ভব নয়। এগারো লাখ রোহিঙ্গা আমাদের আর্থিক শক্তিতেও চাপ সৃষ্টি করেছে। স্থানীয় জনগোষ্ঠী বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে রোহিঙ্গাদের কারণে। তাদের জীবনমান নিচে নেমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, এখনো পর্যন্ত বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক শক্তিসমূহকে নিয়ে এগোচ্ছে। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। আমাদের বন্ধুপ্রতীম, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে যেসব রাষ্ট্র একটু দূরে ছিল তারাও এখন এগিয়ে আসছে। সমস্যা সমাধান হবে, আমরা আশাবাদী।











