বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হালিশহরে জন্ডিসে আক্রান্ত ৭৫ হাজার মানুষ!

news-image

নিউজ ডেস্ক: গত ২ জুলাই পর্যন্ত চট্টগ্রামের হালিশহর এলাকায় হেপাটাইটিস-ই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৯০০ জন। কিন্তু এ সংখ্যাকে নিতান্তই সরকারি উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, বৃহত্তর হালিশহরের জনসংখ্যা ১৫ লাখ। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ৯০০ জন বলা হলেও, বেসরকারি হিসেবে এ সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে।

স্থানীয়রা জানান, ঘরে ঘরে জন্ডিস। হালিশহরের বাসিন্দা মানেই এখন জন্ডিসের রোগী। ১৫ লাখ মানুষের মধ্যে যদি শতকরা পাঁচজন করে জন্ডিসের রোগী ধরা হয় তাহলেও রোগীর সংখ্যা হয় ৭৫ হাজার। তবে মূল সংখ্যাটা আরও বেশি বলে দাবি স্থানীয়দের।

হালিশহরের একাধিক সূত্র জানায়, আগ্রাবাদ, হালিশহর ও এর আশপাশের এলাকাতে দিন দিন বেড়েই চলেছে জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে অনেক এলাকার মানুষ আক্রান্ত হচ্ছেন। হালিশহরের অনেক দূর থেকেও আসছেন রোগীরা, তাদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে। তবে নতুন করে জন্ডিসের পাশাপাশি টাইফয়েডেও আক্রান্ত হচ্ছে মানুষ।

সিভিল সার্জন কার্যালয় সংশ্লিষ্টরা বলছেন, হালিশহরসহ আক্রান্ত এলাকাগুলো স্থানীয় সরকারের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়। এছাড়া তাদের প্রয়োজনীয় জনশক্তি নেই, ওষুধের বরাদ্দ নেই। তারা কাজ করলেও সমস্যাটি আসলে পৌরসভাকে দেখতে হবে। কিন্তু সেই পৌরসভার পক্ষ থেকেই কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে দাবি সিভিল সার্জনের কার্যালয়ের কর্ম কর্মকর্তাদের।

এরইমধ্যে পানিবাহিত এ রোগ প্রতিরোধে শহরজুড়ে মাইকিং এবং পোস্টারিং করেছে সিভিল সার্জন কার্যালয়। স্থানীয়দের মধ্যে ৩ লাখ পানি বিশুদ্ধকরণ ওষুধও বিতরণ করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা এটাকে এখনও মহামারী বলছি না, হালিশহরের মতো অবস্থা যদি আগামী একবছরে পুরো চট্টগ্রামে ছড়িয়ে পড়ে তাহলে সেটি ঘোষণা করতে খুব একটা সময় লাগবে বলে মনে হচ্ছে না। ওয়াসা, সিটি করপোরেশন এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে সীমিত ক্ষমতার মধ্যে থেকেও সিভিল সার্জন কার্যালয় কাজ করে যাচ্ছে।’

ভাগ্য ভালো উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘কারণ হেপাটাইটিস-ই ছড়াচ্ছে, এতে রোগী মারা যায় কম, কিন্তু অন্য কিছু হলে হাজার হাজার মানুষ মারা যেত, ন্যাশনাল ক্রাইসিস শুরু হয়ে যেত।’

সিভিল সার্জন কার্যালয় ইতোমধ্যে রোগীদের রক্তের নমুনা, পানির নমুনা সংগ্রহ করেছে। ওয়াসা, সিটি করপোরেশন-সবার সঙ্গে কথা বলা হয়েছে, তাদের কাছে পানির নমুনা পাঠানো হয়েছে। সাধ্য অনুযায়ী চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ’গত দেড়মাস ধরে হেপাটাইটিস-ই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রোগীরা। নতুন করে অনেক এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে। হালিশহরের অনেক দূর থেকেও রোগীরা আসছেন, তাদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে। কিন্তু পানি ঠিক না হলে আমাদের আর কী করার আছে?’

হালিশহর, আগ্রাবাদ, বন্দরটিলা, দেওয়ানহাটসহ আশেপাশের এলাকার প্রায় ১৫ লাখ মানুষ জন্ডিসের ঝুঁকিতে রয়েছেন। নতুন করেও অনেকে আক্রান্ত হচ্ছে। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, সোমবার (২ জুলাই) শহরের আবিদরপাড়া ও বেপারিপাড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯ জন, মঙ্গলবার (৩ জুলাই) হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৭ জনকে। রোগীদের চিকিৎসার সুবিধার্থে হালিশহরে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে।

জানা গেছে, হেপাটাইটিস-ই ভাইরাসে আক্রান্ত রোগীদের সুবিধার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ফৌজদারহাটের বিআইটিআইডি এবং চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছে অসংখ্য রোগী। আর যাদের সামর্থ্য রয়েছে তারা চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী আরো বলেন, ’আমি নিজে ঘুরে ঘুরে আক্রান্তদের দেখছি। প্রতিটি ঘরে ঘরে জন্ডিস। একটি ভবনে ২৭টি পরিবার। প্রতিটি পরিবারে একাধিক সদস্য আক্রান্ত।’

পানি সমস্যাই এর মূল কারণ উল্লেখ করে সিভিল সার্জ ন বলেন, ’চট্টগ্রামে এক পশলা বৃষ্টি হলেই পানির নিচে চলে যায় সব এলাকা। আর তখনই ওয়াসার পাইপ লিকেজ হয়ে স্যুয়ারেজ লাইন আর খাবার পানির লাইন এক হয়ে যায়। প্রতিদিন বিকেলে জোয়ারের পানিতে সব এক হয়ে যায়।’

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইসিডিডিআরবিসহ বেশ কয়েকটি সংস্থা এই বিষয়ে কাজ করছে জানিয়ে মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ’ভয়াবহ অবস্থা। সংস্থাগুলো স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্প করে এখানে কাজ করছে। এ অবস্থা যদি এখনি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে নিকট ভবিষ্যতে আমরা এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছি।’ সারাবাংলা