নিখোঁজ বরের সন্ধান মিলেছে
ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বৌভাতের রাতে নিখোঁজ বরের সন্ধান মিলেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার (২৫ জুন) বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে শেখ ফরিদকে রোববার (২৪ জুন) বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়। বরের খালু আবুল কাশেম জানিয়েছে, মুঠোফোনে তার সাথে কথা হয়েছে।
প্রসঙ্গত; শেখ ফরিদ দীর্ঘ আড়াই বছর পর সৌদি আরব থেকে বাড়িতে এসে শুক্রবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে বিয়ে করেন। বিয়ের একদিন পর শনিবার (২৩ জুন) রাত নয়টার দিকে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একটি কল আসে।
তিনি ঘরে বসে কথা বলছিলেন। এসময় তিনি নববধূকে রেখে ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যান। দীর্ঘ একঘন্টা পর ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁর মুঠোফোন কল দিয়ে তাঁ বন্ধ পান। এতে তাদের সন্দেহ হওয়ায় তাঁরা শেখ ফরিদের বন্ধু-বান্ধব ও নিকটাত্মীয়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও না পেয়ে রাতভর পরিবারের লোকজন তাঁর অপেক্ষায় নির্ঘূম রাত্রি যাপন করেন।
রোববার সকালেও তাঁর ভাইসহ আত্মীয়-স্বজনরা তাঁকে আরও একাধিক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। রাত ১১টার পর বাসায় না ফিরলে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে রিং হলেও রিসিভ না করায় তারা থানাকে বিষয়টি অবহিত করেন। রাতে ফোনটি খোলা থাকলেও রোববার সকাল থেকে সেটি বন্ধ পাওয়া যায়।











