বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও ইতিহাসের অমর সেই পেনাল্টি (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।। আর্জেন্টিনা ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার খেলা দেখে প্রেমে পড়েননি এমন মানুষ খুব কমই আছেন। কখনও ভালো খেলেন কখনও খারাপ। কিন্তু তারপরও তিনি মেসি। বিশ্ব ফুটবলের উজ্জ্বল নক্ষত্র। তবে কোনো ম্যাচে যদি একটা পেনাল্টি মিস করেন তো শুরু হয় দুনিয়া জোড়া সমালোচনা।

এর নিদর্শন তো দেখা গেছে চলতি বিশ্বকাপ আসরেই। আইসল্যান্ডের বিপক্ষে মেসির করা তার সেই পেনাল্টি নিয়ে হইচই হয়েছে সর্বত্র। সামাজিক যেগাযোগ মাধ্যম থেকে শুরু করে পত্রিকা-টেলিভিশনেও তাকে দুয়োধ্বনি দিয়েছেন সমর্থকরা। এই ঘটনাগুলো ঘটছে যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই। তারকা হন কিংবা উঠতি খেলোয়াড়, পেনাল্টি মিস মানেই দুয়োধ্বনি।
কিন্তু এমনও নজির আছে পৃথিবীতে যেখানে পেনাল্টি মিস করার পরও মিলেছে সম্মান। পেয়েছে দুটি দলের ২২জন খেলোয়াড়ের আত্মার সেতুবন্ধনের স্বীকৃতি।

বলছি ২০০৩ সালে হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ইরান বনাম ডেনমার্কের একটি ম্যাচের কথা। যে ম্যাচে একটি পেনাল্টি মিসের পরও হয়নি কোনো সমালোচনা। বরং বিশ্বব্যাপি হয়েছে ফুটবলে ভ্রাতৃত্ববোধের আলোচনা। হংকং ও উরুগুয়ে ও ডেনমার্কসহ চারজাতি টুর্নামেন্টের সেই ম্যাচটিতে ইরান এগিয়ে ছিল ১-০ গোলে। সেমি ফাইনাল ম্যাচটিতে ইরানের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ডেনমার্ক পিছু হটছিল বার বার। সেদিন ম্যাচের ৪৫ মিনিটের পরও প্রথমার্ধ বিরতি না দিয়ে রেফারি ৩ মিনিট ইনজুরি টাইম দেন। এ সময়ে বল ছিল ইরানের ডি-বক্সে। বাঁশির আওয়াজ শুনে ইরানের রক্ষণভাগের একজন খেলোয়াড় প্রথমার্ধের বিরতি মনে করে নিজেদের গোলরক্ষকের দেওয়া পাস থেকে বল হাতে তুলে নেন। অমনি রেফারির বাজান হ্যান্ডবলের বাঁশি।

হ্যান্ডবল বিধান অনুযায়ী পেনাল্টি পেয়ে যায় ডেনমার্ক। গোলরক্ষকসহ হতভম্ব হয়ে পড়ে ইরানশিবির। তাহলে কে বাজাল হাফটাইমের বাঁশি?
প্রথম বাঁশিটি বাজলেও সেটি বাজাননি রেফারি। পরে সবাই বুঝতে পারেন যে, গ্যালারি থেকে কোনো দর্শক কাজটি করেছে। ইরানের খেলোয়ারটিও এ বাঁশি শুনেই ভেবেছিলেন রেফারি প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি দিয়েছেন। তাই তিনি নিজেদের ডি-বক্সের ভেতরেই বলটি হাতে তুলে নেন।

এদিকে ফুটবলের নিয়ম ভাঙতে অনড় রেফারি। নিয়মানুযায়ী রেফারি তখন ডেনমার্ককে পেনাল্টি শুটের নির্দেশ দেন। এতে ইরানের খেলোয়াড়রা পড়েন বিপাকে। অথচ তাদের কোনো দোষ নেই। শুরু হয় মাঠেই আলোচনা। দুদলের কোচও শামিল হন এ ঘটনার সুরাহা করতে।
কিন্তু রেফারি নিয়মহীন কাজ না করে ইরানের বিপক্ষে পেনাল্টি নিতে নির্দেশ দেন ডেনমার্ক দলের অধিনায়ক মরটেন উইঘোরস্টকে। মরটেন তার কোচের সঙ্গে পরামর্শ করে পেনাল্টি নিতে আসেন। নেওয়া হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও ঐতিহাসিক এক পেনাল্টি কিক।

ডেনমার্কের অধিনায়ক উইঘোরস্ট পেনাল্টি নেন গোলবার থেকে অনেক দূরে। মূলত ইচ্ছা করেই তিনি মিস পেনাল্টিটি করেন। অথচ সেই ম্যাচে ডেনমার্ক ১-০ গোলে হেরে যায় ইরানের কাছে। যেখানে সুযোগ পেয়েও হার না এড়ানো এমন পেনাল্টি কিক করায় হয়তো ডেনমার্ক দলের অধিনায়ককে তুলোধুনো করার কথা সেখানে তাকে দেওয়া হয় অলিম্পিক ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। আজও ইতিহাসের পাতায় অমর জায়গা করে আছে সেই মিস পেনাল্টিটি।