‘চুম্বন’ থাকায় সরে দাঁড়ালেন জয়া
কলকাতার সৃজিত মুখার্জির দুই ছবিতে অভিনয় করেছিলেন জয়া আহসান। তৃতীয় সিনেমা ‘চৌরঙ্গী’র শুটিং শুরুর কথা রয়েছে শিগগিরই। তার আগে জয়া জানিয়ে দিলেন, সিনেমাটিতে থাকছেন না তিনি।
পরিচালকের সঙ্গে জয়ার প্রথম সিনেমা ছিল ‘রাজকাহিনি’। এতে অভিনয় করে বেশ প্রশংসা পেলেও খোলামেলা দৃশ্যের কারণে ব্যাপক সমালোচিত হন। ঠিক কাছাকাছি কিছু ঘটতে যাচ্ছিল ‘চৌরঙ্গী’তেও। তবে আগেভাগেই খোলামেলা দৃশ্য কিংবা চুম্বনকে না করে দিলেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী।
‘চৌরঙ্গী’ উপন্যাসের কাহিনির কেন্দ্রে রয়েছে প্রেম। এই প্রেম হোটেলের অতিথি ও কর্মচারীদের মধ্যে দেখানো হয়েছে এবং এর বিয়োগান্ত পরিণতি ঘটেছে। ‘চৌরঙ্গী’তে সুপ্রিয়া দেবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল জয়ার।
ছবির নির্মাণ ঘোষণার সময় সৃজিত খুবই উচ্ছ্বসিত ছিলেন জয়াকে নিয়ে। বলেছিলেন, ‘জয়া মাটির মতো। ওকে যেকোনো চরিত্রে গড়ে নেওয়া যায়। ও এত সাবলীল অভিনয় করে, দুই বাংলায় সবচেয়ে শক্তিশালী একজন অভিনেত্রী জয়া আহসান। ওর ওপর অগাধ আস্থা রাখা যায়। চোখ বন্ধ করে ভরসা করা যায়।
কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। জয়া ছবিটি থেকে সরে আসায় কপাল খুলল কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এখন তিনিই অভিনয় করছেন এই ছবিতে।
‘চৌরঙ্গী’ প্রসঙ্গে জয়া বলেন, ছবিটি রিমেক নয়, সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, ছবিটিতে অনেক বেশি খোলামেলা দৃশ্য থাকছে। এসব বিষয়ে আমার কিছু মানসিক ব্লক আছে। তাই সিদ্ধান্ত নিলাম, এই চরিত্রটি আমি করব না। সৃজিতকে বিষয়টি বুঝিয়েও বলেছি, আমার ব্যাপারটিও সে বুঝেছে। দুজনের আলোচনার মাধ্যমেই ছবি থেকে সরে এসেছি।’











