বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যায় যদি কারো প্রাণভোমরা, করছেন তিনি ওমরা!

news-image

তিনিই যে মাদক ব্যবসার অন্যতম নাটের গুরু তাতে কোনো সন্দেহ নেই। শুধু প্রমাণের অভাব। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে প্রমাণ নেই। তাই কি করা, তিনি গেলেন ওমরায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় এক নম্বরে তার নাম। মক্কায় যাওয়ার আগে তিনি বলে গেলেন প্রশাসনের ষড়যন্ত্রে ওই নাম তালিকায় উঠেছে। তাহলে প্রশাসন যে মাদক ব্যবসা নিয়ে ষড়যন্ত্র করছে তা ওনার মুখ থেকে শুনতে ও মানতে হবে। আর উনি মক্কায় যেয়ে ছক্কা মারবেন।

এই গডফাদারদের কারণেই সারাদেশে মাদক ব্যবসায় হাজার হাজার অপরাধী জড়িত। তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির অভাব কি কখনো কয়েক’শ ‘ক্যারিয়ার’ খতম করে এড়ানো যাবে। না পার পাওয়া যাবে। মাঝখানে আখের গোছাচ্ছেন সুযোগ সন্ধানীরা। তাদের ধরা বাঁধা রেট আছে, ক্রস ফায়ারে খরচ, ওপেন সিক্রেট। যারা উপরের হুকুম তামিল করতে রাষ্ট্রের গুলি খরচ করছেন, তাদের অন্তত একজন কক্সবাজারের যুবলীগ নেতা একরামুলের স্ত্রীর প্রশ্নের মুখে বলতে বাধ্য হয়েছেন, আল্লাহর কাছে বিচার দেন। উপরের নির্দেশ আমরা তামিল করেছি মাত্র। যখন একরামুলের স্ত্রী তাদের কাছে জিজ্ঞেস করেছিলেন কেন তারা তার স্বামীকে হত্যা করেছেন? যার যায় সেই জানে স্বজন হারানোর বেদনা কতটা। এ বেদনা অনেক সময় বিদ্রোহী হয়ে প্রশ্ন করতে বাধ্য করে।

সর্বগ্রাসী মাদকে চারপাশ ছেয়ে গেছে, দেশের ভবিষ্যৎ যুবসমাজ বিপন্ন হয়েছে, অপরাধের মাত্রা বাড়ছে সব ঠিক আছে, কিন্তু কারা কোটি টাকার মালিক হয়েছেন, কারা রাজনৈতিক টিকিট কিনে সাংসদ বনে গেছেন, এগুলোর হিসাব কে দেবে? কে নিকেষ করবে তাদের? এমন দুই প্রতিবেশি দেশ পেয়েছি আমরা এক দেশ দিচ্ছে ইয়াবা তো আরেক দেশ ঠেলে দিচ্ছে ফেন্সিডিল, অস্ত্র ইত্যাদি। গণতন্ত্রের নিশানবরদার যারা এতদিন দেশ শাসন করছেন, তাদের ঘটে যে ভূকৌশলগত রাজনীতি নেই, সুপরিকল্পিতভাবে বাংলাদেশের যুবসমাজকে শেষ করে দেওয়ার জন্যে মাদক ঠেলে দেয়া হচ্ছে, তা মোকাবেলায় যে উঁচু মানের রাজনীতি ছাড়াও কূটনীতি প্রয়োজন হয়, তারা ক্ষমতায় বিবিধ ব্যস্ত থাকতে গিয়ে তা বেমালুম ভুলে গেছেন, মাঝখান থেকে আমাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। যে পরিবারে মাদক ঢুকেছে সেই পরিবার জানে এর যন্ত্রণা কি!

কিন্তু তাই বলে কি বিড়ি ধরানোর জন্যে ঘরে আগুন দিতে হবে। দেয়া হচ্ছে। সরকার সমর্থক বুদ্ধিজীবীরা পর্যন্ত বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সরকারের ক্ষতি হচ্ছে। তবুও কিছু চাটুকার বলছে, ঠিক আছে। হিরক দেশের রাজার মন্ত্রিসভার মত, ঠিক ঠিক ঠিক। একটি রাজনৈতিক পদক্ষেপ নিয়ে যে বের করতে হবে কারা মাদকের সঙ্গে জড়িত এবং সরকারকে এই সকল জায়গায় কঠোর হতে হবে, সেই রাজনীতিরই তো দুর্দশা। তা না হলে কারাগারে ৮৫ হাজার মাদক আসামির কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ এতদিন কোনো কার্যকর রাজনৈতিক পদক্ষেপ জুটল না জাতির ভাগ্যে। মাদক অভিযানের মানে হত্যা নয়। বিচারের মধ্যে দিয়ে সর্বোচ্চ শাস্তি যাই হোক, আইনের শাসনকে স্বাগত জানাবে মানুষ, প্রয়োজনে আইন সংস্কার করতে হলে সংসদে সাংসদরা করছেন টা কি!