বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে বুধবার সারাদেশে মানববন্ধন

news-image

বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোটা বাতিলের ঘোষণা গেজেট আকারে প্রকাশ না করায় নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। আগামীকাল বুধবার (৯ মে) সকাল ১১টায় তারা সারাদেশে কলেজ এ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করবে।

মঙ্গলবার (৮মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান একথা জানান।রাশেদ বলেন, কোটা বাতিলের ঘোষণা দিয়ে তা গেজেট আকারে প্রকাশ না করে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার নাটক করেছে।বুধবারের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হবে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর বলেন, ‘৯ এপ্রিল আমাদের সঙ্গে সরকার কথা হয়েছিল যে, এই মাসের ৭ মে’র মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে। ১১ এপ্রিল প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর আমরা আন্দোলন স্থগিত করি। তবে এখনও গেজেট প্রকাশ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা শুরু থেকে অহিংস আন্দোলন করে আসছি। এখনও আমরা অহিংস আন্দোলন করছি। তাই প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে আগামীকাল সারাদেশ কলেজ, বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’ যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘২৭ দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনও প্রজ্ঞাপন জারি করা হয়নি।  গতকাল (৭ মে) প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল।  কিন্তু তা বাস্তবায়ন না করে আমাদের সঙ্গে নাটক করা হচ্ছে।  এছাড়াও মামলা প্রত্যাহার না করে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাব নূর বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা আমাদের বড় পরিচয়। কিন্তু বিভিন্ন গোয়ন্দা সংস্থার মাধ্যমে আমাদের পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। আমাদেরকে ষড়যন্ত্র করে রাজনৈতিকভাবে বিপদে ফেলানোর জন্য বিভিন্ন ধরনের তথ্য নেওয়া হচ্ছে।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন এবং এই কমিটির সদস্যরা।