,

খালেদা-ভীতিতে ক্ষমতাসীনদের মস্তিষ্কে গোলযোগ : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ‘গণতন্ত্রের ওপর বিষাক্ত তীর নিক্ষেপ’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ মন্তব্য করেন। বুধবার (১০ জানুয়ারি) সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

ফখরুল বলেন, ‘গতকাল সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য যেন গণতন্ত্রের ওপর বিষাক্ত তীর নিক্ষেপ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যে তীর্যক ও কুরুচিপূর্ণ বক্তব্য তিনি রেখেছেন, তা শুধু অনভিপ্রেত বা দুঃখজনকই নয়, বরং এটি রাজনৈতিক পরিবেশ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ও সংশয় দানা বাঁধবে। প্রধানমন্ত্রীর কুৎসামূলক অপপ্রচারের এই বক্তব্য রাজনৈতিক বিভেদ-বিভাজনকে আরও প্রসারিত করবে এবং গণতন্ত্র ফিরে পাওয়ার সম্ভাবনাকে দানবীয় শক্তি প্রয়োগে বাধা দেওয়ার শামিল বলে গণ্য হবে।’

ক্ষমতাসীন দলের নেতারা কেন এখন খালেদা জিয়ার বিরুদ্ধে তীব্র মিথ্যাচারে লিপ্ত হয়েছেন অভিযোগ তুলে ফখরুল বলেন, এর প্রধান কারণ হচ্ছে ক্ষমতাসীনদের অনাচার-অপকর্মের বিরুদ্ধে খালেদা জিয়া এক বিরাট চ্যালেঞ্জ। খালেদা-ভীতির কারণেই ক্ষমতাসীনদের মস্তিষ্কে গোলযোগ সৃষ্টি হয়েছে।

দিনকে দিন উস্কানি সত্ত্বেও খালেদা জিয়া ধৈর্য্য, সংযম ও সম্ভ্রমের সঙ্গে সবকিছু মোকাবেলা করছেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, বিএনপি’র সাফল্যের চাবিকাঠি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের হাওয়া তুলতে খালেদা জিয়া সফল হয়েছেন বলেই প্রধানমন্ত্রী অসংযত, অসংসদীয় কথাবার্তা বলছেন।

বিএনপি ‘অংশগ্রহণমূলক রাজনীতিতে’ বিশ্বাসী’ উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাচন সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত করতে বিএনপি দৃঢ় বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী সারাদেশের সর্বত্র নির্বাচনের আওয়াজ দিলেও বিষাক্ত-প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে একটা অবাধ ও সুষ্ঠু রাজনৈতিক নির্বাচনী পরিবেশকে কলুষিত করছেন বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। ফখরুল বলেন, দেশের মানুষের আগামী দিনের স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাকে প্রধানমন্ত্রী দুঃস্বপ্নে পরিণত করছেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী