বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ও’ লেভেল পরীক্ষায় নতুন গ্রেডিং পদ্ধতি

news-image

নিজস্ব প্রতিবেদক : জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) বা ‘ও’ লেভেল পরীক্ষার ফল মূল্যায়নে নতুন গ্রেডিং পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। এতদিন এ পরীক্ষার ফল লেটার গ্রেডে প্রকাশ করা হতো। যেমন- এ স্টার, এ, বি, সি ইত্যাদি।

তবে ২০১৯ সালের জুনে অনুষ্ঠিত ‘ও’ লেভেল পরীক্ষায় শিক্ষার্থীর অর্জিত ফল ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হবে। নতুন গ্রেডিং পদ্ধতি ইংরেজি ভাষার দক্ষতা নির্ণয়কারী টেস্ট আইইএলটিএসের ফলের মতো হবে। সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থী পাবে ৯, পর্যায়ক্রমে তা ১ পর্যন্ত হবে।

ইংরেজি মাধ্যম শিক্ষার যুক্তরাজ্যভিত্তিক অন্যতম বোর্ড পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাইদুর যুগান্তরকে বলেন, আগে শিক্ষার্থীর যোগ্যতা ‘এ-স্টার’ থেকে ‘জি’ পর্যন্ত আট ক্যাটাগরিতে মূল্যায়ন করা হতো। এখন থেকে তা ৯ থেকে ১ পর্যন্ত সংখ্যায় দেয়া হবে।

তিনি বলেন, ২০১৯ সালের জিসিএসই পরীক্ষায় নতুন এ গ্রেডিং পদ্ধতি প্রয়োগ করা হবে। ছাত্রছাত্রীরা তখন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা আগে থেকেই এ বিষয়ে কাজ শুরু করেছি। নতুন পদ্ধতি শুধু ‘ও’ লেভেলে (বাংলাদেশে এসএসসি সমমান) প্রবর্তন করা হচ্ছে, ‘এ’ লেভেলে (উচ্চ মাধ্যমিক সমমান) নয়।

সাইদুর রহমান জানান, বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের বেশিরভাগই ব্রিটিশ কারিকুলামে অধ্যয়ন করে।

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং এডেক্সেল এসব শিক্ষার্থীর বোর্ড হিসেবে কাজ করে। উভয় বোর্ডই ব্রিটিশ সরকারের নতুন পদ্ধতি অনুসরণ করবে। তবে এখন অ্যাডেক্সেল এটি বাস্তবায়ন করছে।

অন্যদিকে ক্যামব্রিজ ২০১৯ সাল থেকে যুক্তরাজ্যের ভেতরে নতুন পদ্ধতি প্রয়োগ করবে। কিন্তু কবে নাগাদ তারা এটা আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করবে তা এখনও জানায়নি।

বাংলাদেশে জিসিএসই বা ‘ও’ লেভেলে তুলনামূলকভাবে এডেক্সেলের শিক্ষার্থীর সংখ্যা বেশি। বছরে দু’বার- জানুয়ারি ও জুনে এ পরীক্ষা হয়। গড়ে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এডেক্সেল কর্মকর্তা যুগান্তরকে জানান, অ্যাডেক্সেল ২০১৬ সালেই যুক্তরাজ্যে তিনটি ইংলিশ, ইংলিশ লিটারেচার ও গণিত বিষয়ে পরীক্ষার ফল নতুন পদ্ধতিতে প্রকাশ করে।

নতুন পদ্ধতি সম্পর্কে বলা হয়, সর্বোচ্চ ফল করা শিক্ষার্থীকে স্বীকৃতি ও আলাদা করতে নতুন এ গ্রেডিং পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যা ৯ দ্বারা প্রকাশ করা হবে। মধ্যম মানের শিক্ষার্থীদের আগে গ্রেড ‘বি’ ও ‘সি’ দিয়ে মূল্যায়ন করা হতো। ওই স্তরে নম্বরে বড় ধরনের পার্থক্য আছে।

এজন্য এ দুই স্তরকে ভেঙে তিনটি করা হয়েছে। এখন থেকে মধ্যমানের ছাত্রছাত্রীদের গ্রেড ৪, ৫ ও ৬ দ্বারা মূল্যায়ন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে দেয়া লিখিত পত্রে এ পদ্ধতি সম্পর্কে বলা হয়, নতুন পদ্ধতিতে শিক্ষকরা ছাত্রছাত্রীদের সম্পর্কে আরও বেশি তথ্য জানতে পারবেন। যা ‘এ’ লেভেল শিক্ষার্থীর প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার ক্ষেত্রে সহায়ক হবে। উচ্চশিক্ষায়ও এটা বিশেষ গুরুত্ব বহন করবে।

কান্ট্রি ম্যানেজার সাইদুর রহমান বলেন, নতুন গ্রেডিং পদ্ধতি সম্পর্কে আমরা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছি। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ ব্যাপারে ধারণা দিতে একটা প্রেজেন্টেশন দিয়েছি। এতে আগের এবং নতুন গ্রেডিং পদ্ধতির মধ্যে তুলনা ও পার্থক্য তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ইংলিশ মিডিয়ামে পড়ুয়া শিক্ষার্থীরা উচ্চশিক্ষা স্তরে ভর্তির জন্য গেলে সেখানে বাংলাদেশের পদ্ধতির সঙ্গে যুক্তরাজ্যের ওই নতুন গ্রেডিং পদ্ধতির কনভারশন (রূপান্তর) পদ্ধতি কি হবে- সেটা তুলে ধরা হয়েছে।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ বলেন, ওই পদ্ধতির প্রয়োগ বা সমমানটা কি হবে সেটা ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) ঠিক করবে। আমরা এ ব্যাপারে ইউজিসিকেই দায়িত্ব দেব। জানা গেছে, ইতিমধ্যে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় নতুন গ্রেডিং পদ্ধতি অনুসরণের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে আছে- লন্ডন স্কুল অব ইকনোমিকস, ব্রিস্টল ইউনিভার্সিটি, ওয়ারউইক ব্রিস্টল ইউনিভার্সিটি, ব্রিস্টল ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ম্যানচেস্টার ব্রিস্টল ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার ব্রিস্টল ইউনিভার্সিটি এনএসডব্লিউ। এসব বিশ্ববিদ্যালয়ের দৃষ্টান্ত নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম পাস করা শিক্ষার্থীদের নতুন গ্রেডিং গণনার বিষয়ে সুপারিশ করতে চাচ্ছে এডেক্সেল।