মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধ করল ইসরায়েল
এক মাস আগেই ইসলায়েল মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর দিয়ে বলছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন দেশটি আর মিয়ানমারে অস্ত্র বিক্রি করছে না। রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের জাতি নিধনের পর ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও দেশটির ভেতরেও একই ধরনের দাবিতে আদালতে পর্যন্ত আবেদন জানানো হয়। ইসরায়েল আগে মিয়ানমারে অস্ত্র বিক্রি করলেও এখন আর তা করছে না বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে অস্ত্র বিক্রি বন্ধ করলেও ইসরায়েল মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ, নজরদারি সংক্রান্ত প্রযুক্তিগত উপকরণ সরবরাহ বন্ধ করেছে কি না সে সম্পর্কে কিছু বলা হয়নি। তবে গত বৃহস্পতিবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে দেশটিতে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন, এখনো ইসরায়েলি অস্ত্র পাচ্ছে তার দেশ। এরপর রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েল সরকার। তারপর ইসরায়েলের সংশ্লিষ্ট মন্ত্রণালয় মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধ করার কথা জানায়।
সাক্ষাতকারে মিয়ানমারের রাষ্ট্রদূত মং লিন জানান, ইসরায়েল তার দেশে অস্ত্র বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। ইসরায়েলের পররাষ্ট্র দফতরের এশিয়া ও প্যাসিফিক ডেস্কের উপপরিচালক গিলাদ চোহেন বলেন, কয়েকদিন আগেও একই ধরনের বক্তব্যের জন্যে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তিরস্কার করা হয়েছে। এবারও তিনি তার মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চেয়েছেন। তবে ইতে ম্যাক নামে ইসরায়েলি আইনজীবি যিনি মিয়ানমারে ইসরায়েরি অস্ত্র বিক্রি মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দাবি করে আদালতে তা বন্ধের আবেদন জানান তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের এধরনের বিবৃতির নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ইসরায়েরের জনগণ এখন এই বিবৃতি না মিয়ানমারের রাষ্ট্রদূতের বক্তব্য, কোনটি বিশ্বাস করবে ? কেন পররাষ্ট্রমন্ত্রণালয় মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধ স্থায়ীভাবে করা হয়েছে এমন কোনো বক্তব্য দিচ্ছে না? গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টের সামনে মিয়ানমারে অস্ত্র বিক্রির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। এছাড়া গত মাসে শতাধিক ধর্মীয় নেতা মিয়ানমারে অস্ত্র বিক্রির বন্ধের দাবিতে জাতিসংঘে একটি আবেদন জানান।
এ আবেদনে কয়েক ডজন ইহুদি রাব্বি, কম্যুনিটি নেতা, বেশ কয়েকজন সাবেক মন্ত্রী স্বাক্ষর দেন। আবেদনে মিয়ানমারে ইসরায়েলি অস্ত্র বিক্রি বন্ধ ছাড়াও এমন একটি আইন প্রণয়নের আহবান জানান, যেসব দেশ মানবাধিকার লঙ্ঘন ও জাতিগত নিধন করবে সেসব দেশে যাতে কোনো ইসরায়েলি অস্ত্র রফতানি না করা হয়। কোনো দেশে অস্ত্র বিক্রির বিষয়টি দেখভাল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় করলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেয় দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। তবে কোন কোন দেশে ইসরায়েলি অস্ত্র রফতানি করা হয় তা গোপন রাখা হয়। মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ইসরায়েলের অস্ত্র বিক্রি হয়।











