সরকার পাথরের মতো চেপে বসেছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এই জাতির ওপর পাথরের মতো চেপে বসেছে। এই পাথরকে সরাতে হবে। পাথরটি সরাতে হলে নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। বারবার অপ্রতিনিধিত্বমূলক সরকার নিয়ে এসে দেশের সম্ভাবনা সুপরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে, তা প্রতিরোধ করতে হবে।
আজ সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো খুব বেশি কথা তো বলিনি। বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে, তা তো আমরা বলিনি। আমরা বলেছি, জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি সরকার গঠন করতে হবে।’
নিজ দলের নেতা-কর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেতা-কর্মীদের সংগঠন তৈরি করতে হবে। ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে কোথায় অন্যায় হচ্ছে। কেন এই সরকার অজনপ্রিয়, তা বলতে হবে। তা না করে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম স্লোগান দিয়ে কোনো লাভ হবে না।
অনুষ্ঠান শুরুর দিকে বিএনপির কিছু নেতা-কর্মী দলের জ্যেষ্ঠ নেতাদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করতে হিমশিম খান। এ ঘটনায় দলের মহাসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব উভয়ই বিরক্তি প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আলোচনা সভা করতে এসেছি। এটা রাস্তায় মিছিল নয়, মাঠের জনসভা নয়। এখানে শুধু স্লোগান আর হাততালি দিয়ে কাজ হবে না। নেতারা কী বলছেন, তাঁদের কথাগুলো শুনতে হবে। মন দিয়ে তাঁদের কথা শুনতে হবে। আপনারা নেতাদের কথা শুনে দেশে, অলিতে-গলিতে ছড়িয়ে পড়ুন।’ তিনি বলেন, বর্তমানে দল কঠিন সময় পার করছে। দেশের অর্থনীতি, যুবসমাজকে যারা ধ্বংস করছে, স্বাধীনতার সার্বভৌমত্ব যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করছে দল। এ অবস্থাটি বুঝতে হবে।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, সরকার দেশের ব্যাংকগুলোর অবস্থা খারাপ করে ফেলেছে। আজকেও পত্রিকায় ছাপানো হয়েছে, এক ব্যক্তি একাই ১২ থেকে ১৩টি ব্যাংকের মালিক হয়েছেন। অর্থমন্ত্রী বলেছেন বিষয়টি তদন্ত করে দেখতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা চুরি হলো, এ বিষয়ে কারও বিচার হলো না। শেয়ারবাজার লুটের ঘটনায় কারও বিচার হয়নি। চালের মূল্য বেড়েছে এ বিষয়েও কোনো সমাধান হয়নি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি বজলুল বাছিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।











