বিএনপির গণঅভ্যুত্থানের হুমকি কর্মী চাঙা করার কৌশল : কাদের
নিজস্ব প্রতিবেদক : বিএনপির গণ-অভ্যুত্থানের হুমকিকে দলটির নেতাকর্মীদের চাঙা করার কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে জেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, “বিএনপির গণআন্দোলন, গণঅভ্যুত্থান তাদের দুঃস্বপ্ন হয়ে থাকবে। তাদের গণঅভ্যুত্থানের স্বপ্ন জাদুঘরে… শেখ হাসিনার উন্নয়ন আর অর্জনে ঢাকা পড়ে গেছে।
“বিএনপির গণঅভ্যুত্থানের কথা তাদের দলের নেতাকর্মীদের চাঙা করার কৌশল।”
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির নেতারা আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে।
নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন দেওয়া হলে দেশে গণঅভ্যুত্থান ঘটবে বলেও বিভিন্ন সভা-সমাবেশে বলছেন দলটির নেতারা।
বিএনপিকে দুর্বল না ভাবার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “সাংগঠনিকভাবে বিএনপি যতই এলোমেলো হোক না কেন, বিএনপি একটা বড় দল, তাদের জনসমর্থনকে দুর্বল ভাববেন না।
“তাদের এত দুর্বল ভাবার কারণ নেই, কারণ আওয়ামী লীগ বিরোধী, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক সকল শক্তি ধানের শীষে ভোট দেবে।”
আগামী নির্বাচনে তরুণরাই আওয়ামী লীগের প্রধান ভোটের উৎস হবে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক কাদের বলেন, “১৮ বছরের তরুণরাই আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করবে। আওয়ামী লীগের সদস্য সংগ্রহের ক্ষেত্রে তরুণ পুরুষ ও নারী ভোটাররাই আমাদের টার্গেট হবে।”
মিথ্যাচার করে বিএনপি রাজনীতি করছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “মিথ্যাচার বিএনপির নেতাদের পেশা, মিথ্যাচারের মাধ্যমে তারা রাজনীতি করছে।”
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এ কে এম এনামুল হক শামীম, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।











