‘নদীর প্রাণকে যারা হত্যা করেছে তাদের কাঠগড়ায় দাড়াতে হবে’
নিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদীর প্রাণ আছে। আর এ নদীর প্রাণকে যারা হত্যা করেছে, তাদেরকে কাঠগড়ায় দাড়াতে হবে।
০৫ নভেম্বর রোববার বিকালে মংলা বন্দর হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়ন ড্রেজিং কাজের উদ্বোধন শেষে পাটুরিয়া বাস টারমিনাল আয়োজিত সুধি সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
নৌ-পরিবহনমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া সরকারের আমলে দেশের অবস্থা ছিল এমন- উপরে ফিট-ফাট আর ভিতরে সদর ঘাট। কিন্তু শেখ হাসিনার সরকারের সময় তা পাল্টে গেছে। বর্তমান সরকার দেশের সকল নদ-নদী দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে। বাঁধা বিপত্তি থাকা সত্ত্বেও আগের চেয়ে নৌপথ এখন অনেক সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও নিরাপদ নৌ-রুটে পরিণত হয়েছে। আগের চেয়ে নৌ-দুর্ঘটনা অনেক কমে গেছে। আগামীতে আরিচা-রাখালগাছি নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হবে। এত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। প্রাণহীন আরিচা ঘাটের প্রাণ আবার ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শাজাহান খান বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে। তাই তিনি বর্তমান সরকারের কোন উন্নয়ন এখন তার চোখে পড়ে না। উন্নয়ন দেখলও টেকশই গণতন্ত্র নেই বলে তিনি মন্তব্য করছেন। দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সে নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
জানা গেছে, এ প্রকল্পের আওতায় পদ্মা-গঙ্গা-কচা-স্বরুপকাঠি-আমতলী ও আড়িয়াল খাঁ নদীর ৪৫০ কিলোমিটার অংশ ড্রেজিং করা হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ নৌ-বাহিনী এ বছরের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ৩৫০ লাখ ঘনমিটার পলি অপসারণ করবে। ৮৯৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে এ প্রকল্পে ১০০ মিটার নৌপথ এমনকি শুষ্ক মওসুুমে কমপক্ষে ৪ মিটার গভীর নৌপথ সৃষ্টি হবে। নদী খননে এ সরকার ১৪টি ড্রেজার সংগ্রহ করেছে। বর্তমানে আরো ২০টি ড্রেজার সংগ্রহের কাজ চলছে। পাবনার রপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারী মালাপত্র নৌপথ নিরাপদ পরিবহন ও সহজতর করার লক্ষ্য এ ড্রেজিং প্রকল্প শুরু করা হয়েছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে মানিকগঞ্জ- ১ আসন এমপি এএম নাঈমুর রহমান দুর্জয়, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ, মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শিবালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানু, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বিএ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আলী আহসান মিঠু, ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিআইডব্লিউটিএ ও টিসি’র উর্দ্ধতন কর্মকতা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।











