বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনৈতিক সমাধানেই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র : শ্যানন

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন বলেছেন, রোহিঙ্গা সঙ্কটের কূটনৈতিক সমাধানেই জোর দিচ্ছে তার দেশ যুক্তরাষ্ট্র।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ষষ্ঠ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বমূলক সংলাপ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন শ্যানন। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে আগস্টের শেষ দিকে ৬ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাছাড়া এর আগের থেকেও ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এমতাবস্থায় মিয়ানমারকে এই বিপুল সংখ্যাক রোহিঙ্গা ফেরত নিতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানায় বাংলাদেশ।

এক প্রশ্নে জবাবে শ্যানন বলেন, ‘এই মুহূর্তে শাস্তিমূলক ব্যবস্থা নয়, আমাদের সমস্যার সমাধান করতে হবে।’

আন্তর্জাতিক মহলে সমালোচনার মধ্যে মিয়ানমার ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির আওতায় দ্বিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাবাসনে জাতিসংঘকে যুক্ত করাসহ কয়েকটি প্রস্তাব রাখা হয়।

বাংলাদেশের প্রস্তাবের কোনো জবাব না দিয়েই গত ৩১ অক্টোবর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেরির জন্য উল্টো বাংলাদেশকে দোষারোপ করেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চির দপ্তরের মহা পরিচালক জ তাই।

অবরোধের সুযোগ তো রয়েছেই জানিয়ে সংবাদ সম্মেলনে শ্যানন বলেন, ‘কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সমস্যার সমাধান করা এবং এই সঙ্কটের কূটনৈতিক সমাধান খোঁজা।’

মিয়ানমার থেকে পালিয়ে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টিও তাদের অন্যতম লক্ষ্য বলে জানান শ্যানন।

রোহিঙ্গাদের বিষয়ে যুক্তরাষ্ট্র যেভাবে কাজ করছে সেজন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘শক্ত’ বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) মানবিক সহায়তা দিচ্ছে এবং সঙ্কট সমাধানে অন্তত ৩১ ধরনের পদক্ষেপ নিয়েছে।’