বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের বক্তব্য সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া : বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সহায়তা শেষে আজ মঙ্গলবার বেলা দুইটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গত শনিবার তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যান। পথে ফেনীসহ কয়েকটি স্থানে তাঁর বহরে থাকা গণমাধ্যমের গাড়িসহ ২০টি গাড়িতে হামলা হয়।

এদিকে চট্টগ্রাম থেকে ঢাকায় রওনা হওয়ার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে অভিযোগ করেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, সরকারের বক্তব্য সুষ্পষ্টভাবেই সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‌‘ওই আক্রমণে আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাঁরা হামলার শিকার হয়েছেন। আপনারা সবই জানেন, কারা আক্রমণ চালিয়েছে। এই আক্রমণকারীরা কারা, তা পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় চলে এসেছে।’

ক্ষমতাসীনদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তারা এ নিয়ে বিভিন্ন অপপ্রচার শুরু করেছে। আমাদের দলের চট্টগ্রাম মহানগরীর সভাপতির বিরুদ্ধেও একটা অপপ্রচার চালিয়েছে, যেটা প্রমাণিত হয়েছে যে তিনি কখনোই এ সবের মধ্যে ছিলেন না। আমরা বলতে চাই, এভাবে মিথ্যা কথা বলে, এভাবে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ এখন পরিষ্কারভাবে বুঝে নিয়েছে যে আওয়ামী লীগ সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য গণতন্ত্রের প্রচলিত যে নর্মসগুলো রয়েছে, তাকে ধ্বংস করে দিচ্ছে।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই ঘটনার বিষয়ে আশা করেছিলাম তিনি (ওবায়দুল কাদের) অন্তত এই ঘটনার নিন্দা করবেন প্রথমে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন হামলাকারীদের বের করার।’

বিএনপির এই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‌‘এটা না করে তারা (ক্ষমতাসীনেরা) যেসব কথা বলছেন, বলেই যাচ্ছেন । সেটাকে আমরা সুস্পষ্টভাবে মনে করি সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া। রাজনীতিকে ধ্বংস করবার আরেক প্রক্রিয়া তাঁরা শুরু করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এখনো সময় আছে, এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তাঁদের উচিত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা।’

এই সফরে ঢাকা থেকে কক্সবাজারের উখিয়া পর্যন্ত ‘মানুষের ঢল’ নামার উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘গতকাল আমাদের নেত্রী বলেছেন যে রোহিঙ্গা ইস্যুতে সরকারের যা করা উচিত ছিল, তারা তা করতে পারেনি, সরকার ব্যর্থ হয়েছে। আমরা প্রথম দিকে বলে আসছি যে এদের আশ্রয় দিয়ে তাদের খাওয়াপরার ব্যবস্থা করা এবং একই সঙ্গে সেই কূটনৈতিক চাপ সৃষ্টি করা, যেন সরকারের হাত শক্ত হয় যাতে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে এই সমস্যাকে মোকাবিলা করা। সেটা সরকার করেনি, তারা নাকচ করে দিয়েছে।’

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় নেতা গিয়াস কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীমুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আবু হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।