বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজীবন সম্মাননা পুরস্কার পেলেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি এক জনপ্রিয় মুখ। ব্যাটিংয়ে ঝড় তোলার কারণেই মূলত তিনি বেশি পরিচিত। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসরে যাওয়া এ অলরাউন্ডার ক্রিকেটারকে এবার বিশেষ সম্মাননা দিলেন বাহরাইনে পাকিস্তানের রাষ্ট্রদূত জাভেদ মালিক।

প্রায় ২০ বছর ধরে আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তান ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি। তার অলরাউন্ড পারফম্যান্সে ভর করে অনেক ম্যাচ জিতেছে পাকিস্তান। বিশ্বজুড়ে তার রয়েছে কোটি কোটি ভক্ত।

সম্প্রতি বাইরাইনে ব্যক্তিগত এক সফরে গিয়ে সেখানকার পাকিস্তান অ্যাম্বেসিতে হাজির হন আফ্রিদি। সেখানে খেলাধুলার প্রসার এবং পাকিস্তান ও বাহরানের তরুণদের মধ্যে এটা ছড়িয়ে দেয়ার বিষয়ে বিশদ কথাবার্তা হয় সাবেক এ অলরাউন্ডারের।

ফলে তাকে কাছে পেয়ে সম্মাননা জানাতে ভুলে যাননি বাইরাইনের পাকিস্তান অ্যাম্বেসি। সেখানে দায়িত্বরত পাকিস্তানের রাষ্ট্রদূত জাভেদ মালিক আফ্রিদিকে আজীবন সম্মাননা দেয়ার বিষয়ে বলেন, ‘সন্দেহ নেই, শহিদ আফ্রিদি আমাদের দেশের ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে সফল একজন। ক্রিকেট মাঠে তার অর্জন বিশ্বজুড়েই স্বীকৃত। তিনি তরুণ সমাজের সত্যিকারের আইকন।’

২০১৬ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান আফ্রিদি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে আর ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অনেকদিন ধরে তিনি ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বইয়ে স্থান দখল করে ছিলেন।