আ. লীগ সন্ত্রাসী লালন করছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সন্ত্রাসী লালন করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অন্যতম শীর্ষ নেতা বলেন, যারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে তারা চিহ্নিত। তাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা উচিত ছিল।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে গতকাল শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হবে না বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি।
রোববার সকালে চট্টগ্রামে মোটেল সৈকতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ফখরুল।
গতকালের হামলার ঘটনায় ক্ষমতাসীনদের দায়ী করে মির্জা ফখরুল বলেন, যারা হামলা চালিয়েছে তাদের নাম-পরিচয় মিডিয়াতে এসেছে। সত্যকে অস্বীকার করাও অপরাধ।
তিনি বলেন, হামলার ঘটনার পর আমরা পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি। তিনি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল বলেন, যারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে তারা চিহ্নিত। তাদের নাম-ছবি গণমাধমে চলে এসেছে। তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা উচিত ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীদের লালন করছে এটাই প্রমাণিত।
গোটা জাতির কাছে এটা এখন পরিষ্কার যে তারা বিএনপি চেয়ারপারসনের ওপর হামলা চালিয়েছে, বলেন বিএনপির এই নেতা।
চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে ফের হামলার আশঙ্কা করছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এমনটা আশাও করি না প্রত্যাশাও করি না।
খালেদা জিয়াকে ক্যারিসমাটিক নেতা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি যখন বের হন তখন মানুষ স্বতস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে। যা গতকাল আপনারা দেখেছেন। ক্যারিসমাটিক লিডারদের ক্ষেত্রে এমন হবেই। তিনি আজ পর্যন্ত নির্বাচনে কোনো আসনে হারেননি।
গতকাল ঢাকা থেকে কক্সবাজার অভিমুখে আসার পথে ট্রাফিক ভালো কাজ করেছে দাবি করে তিনি বলেন, তবে হামলার সময় তারা দাঁড়িয়েছিল। কোনো রেসপন্স করেনি। অথচ আইজিপি নিরাপত্তার বিষয়ে আমাদেরকে নিশ্চিত করেছিলেন।
এ সময় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোশারফ হোসেন খোকন, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।
এমডি/মানিক











