বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কে প্রথমেই বাংলাদেশ’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রথমেই বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, ভারত তার পররাষ্ট্রনীতি অনুযায়ী সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে অঙ্গীকারবদ্ধ। আর সেক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে।

আজ সোমবার ভারত সরকারের অর্থায়নের ১৫টি উন্নয়ন প্রকল্প এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চ্যান্সেরি কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও উপস্থিত ছিলেন।

সুষমা বলেন, নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে আমি খুশি। এ বছর প্রায় ১৪ লাখ বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়ার আশা করছি।

তিনি বলেন, আমাদের তরুণদের ওপর বেশি করে বিনিয়োগ করতে হবে। এতে আমাদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে।
এ সময় বাংলাদেশ-ভারতের মধ্যে সব অমীমাংসিত সমস্যা সমাধান করা হবে বলেও জানান সুষমা সরাজ।

ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনসহ ভারতীয় অর্থায়নের ৭১ কোটি ৬৪ লাখ টাকার উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পিরোজপুরে ১১টি পানি পরিশোধনাগার স্থাপন, দেশের বিভিন্ন স্থানে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, সাভারে ৫ তলা ইস্কন মন্দির নির্মাণ, সিলেট ইস্কনে ৫ তলা ছাত্রাবাস নির্মাণ, চট্টগ্রামে একটি কমিউনিটি ভবন নির্মাণসহ অন্যান্য প্রকল্প।

প্রসঙ্গত, দুই দিনের সফরে রোববার ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে আজ সোমবার দেশে ফিরছেন সুষমা।