সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্যাটেলাইটের নতুন ছবিতে রাখাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্যাটেলাইটে ধারণকৃত নতুন ছবিতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ২৮৮টি গ্রাম আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়ার চিত্র উঠে এসেছে। ২৫ আগস্টের পর থেকে এসব বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে বলে সোমবার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে।

রোহিঙ্গা মুসলিমদের হাজার হাজার বাড়িঘর, স্থাপনা ধ্বংস করাসহ ধর্ষণ, গণহত্যা ও লুটতরাজ চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা।

স্যাটেলাইটে ধারণকৃত ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, বেছে বেছে রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনী বলছে, তারা কেবল রোহিঙ্গা সন্ত্রাসীদেরই টার্গেট করেছে। পরে শুদ্ধি অভিযান বন্ধ ছিল বলেও দাবি তাদের।

৫ সেপ্টেম্বরের পর রোহিঙ্গাদের ৬৬টি গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। মিয়ানমারের সর্বসাধারণের উদ্দেশে শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চির ১৮ সেপ্টেম্বর দেয়া বক্তব্যে ওই সময় অভিযান বন্ধ রয়েছে বলে দাবি করেন। রোহিঙ্গা-সঙ্কটে প্রথমবারের মতো মুখ খুলে তিনি ওই দাবি করেন।

তবে ২৫ আগস্ট সেনাবাহিনী ও পুলিশের তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের হামলার জেরে মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডবকে পাঠ্যপুস্তকে উল্লিখিত গণহত্যার উদাহরণের সঙ্গে তুলনা করে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বলছে, ২৫ আগস্টের পর পাঁচ লাখ ৩৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার উপ-পরিচালক ফিল রবার্টসন বলেছেন, স্যাটেলাইট ধারণকৃত নতুন ছবিতে দেখা যাচ্ছে, কী কারণে মাত্র চার সপ্তাহের মধ্যে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। মিয়ানমার সেনাবাহিনী শতাধিক রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দিয়েছে; যেখানে হত্যা, ধর্ষণ এবং মানবতাবিরোধী অন্যান্য অপরাধ রোহিঙ্গাদের পালিয়ে যেতে বাধ্য করেছে।

উত্তর রাখাইনের মংডু, রাথিডং এবং বুথিডংয়ে ৮৮৬টি গ্রাম পর্যবেক্ষণ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে বেশিরভাগ ধ্বংসযজ্ঞ দেখা গেছে মংডুতে। ২৫ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই এলাকায় ৯০ শতাংশ গ্রাম ধ্বংস করে দেয়া হয়। মংডু পৌরসভার ৬২ শতাংশ গ্রাম একেবারে গুঁড়িয়ে দেয়া হয়েছে; শহরতলীর দক্ষিণ এলাকায় জ্বালিয়ে দেয়া হয়েছে ৯০ শতাংশ ঘরবাড়ি।

মিয়ানমার সরকারের দাবি, আরসা এবং রোহিঙ্গারা রাখাইন ছেড়ে চলে যাওয়ার সময় আগুন ধরিয়ে দিয়েছে। তবে তাদের সেই অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। বাংলাদেশে পালিয়ে আসা শতাধিক রোহিঙ্গার সঙ্গে কথা বলে আরসা কিংবা রোহিঙ্গাদের আগুন ধরিয়ে দেয়ার অভিযোগের সত্যতা পায়নি হিউম্যান রাইটস ওয়াচ। সূত্র : হিউম্যান রাইটস ওয়াচ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা