সোমবার সন্ধ্যায় কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চট্টগ্রামের পরিচালক ডা. এ এম মুজিবুল হক এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও এক সঙ্গে হঠাৎ বেশি সংখ্যক মানুষের অবস্থানের ফলে কলেরার ঝুঁকি দেখা দেয়। এটি পানিবাহিত রোগ হওয়ায় দ্রুত ছড়াতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কলেরার ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তাই এখানে অবস্থানরত রোহিঙ্গা ও আশপাশের স্থানীয় জনগোষ্ঠীকে কলেরার টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সংবাদ সম্মেলনে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম বলেন, নিজ দেশে পাশবিক নিপীড়নের শিকার হয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও ক্যাম্পের আশপাশের ১ বছর থেকে সব বয়সীকে কলেরার টিকার আওতায় আনা হবে। নতুন পুরাতন সব মিয়ানমার নাগরিক এ টিকা পাবে। ৫ বছর ও তার নিচের শিশু-কিশোরদের দুই ডোজ এবং এর ঊর্ধ্ব বয়সীদের এক ডোজ করে কলেরা প্রতিষেধক টিকা দেয়া হবে। রোববার সাড়ে ৬ লাখ ভ্যাকসিন (টিকা) কক্সবাজার এসে পৌঁছেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে উখিয়া-টেকনাফের সাড়ে ৬ লাখ এবং ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ২য় পর্যায়ে আড়াই লাখ জনগোষ্ঠীকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সরকারি ২০টি এবং বেসরকারি ২৫টি মেডিকেল ক্যাম্প কাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মোবাইল টিমসহ সরকারিভাবে ৪০ জন ডাক্তার রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দিচ্ছেন। ইতোমধ্যে লক্ষাধিক রোহিঙ্গা নারী-পুরুষ চিকিৎসা পেয়েছে।
এদিকে শিশুদের সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কায় রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচি নিয়মিত পরিচালনা করছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যেই ক্যাম্পগুলোতে অবস্থানরত আশ্রিতদের হাম-রুবেলা, পোলিও এবং ভিটামিন- এ টিকা খাওয়ানো হয়েছে। উখিয়া, টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিবন্ধিত ও অনিবন্ধিত ক্যাম্পে থাকা সব আশ্রিতরাই এ টিকা কার্যক্রমের আওতায় রয়েছে বলে জানান উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রোগ প্রতিষেধক টিকা কার্যক্রমের সমন্বয়কারী ডা. মিসবাহ উদ্দিন আহমেদ।











