বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কোনও উপায়ে অবদান রাখতে চান সাইফুদ্দিন

news-image

স্পোর্টস ডেস্ক : কণ্ঠের কাঁপুনিটা খুব করে টের পাওয়া যায়। যদিও উচ্ছ্বাসটা ২৪ ঘন্টা আগেই বাসি হয়ে গেছে। কিন্তু ওই যে! প্রথম প্রেম বরাবরই অমূল্য। জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মত সুযোগ পেয়ে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের অনুভূতিটাও অনেকটা তেমনই।

রাত পেরোলেই উড়তে হবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। বিমান ধরার আগে তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু সবকিছু ছাপিয়ে ওয়ানডে খেলার যে সুযোগ হাতছানি দিচ্ছে, সেটাকে একবার হলেও ছুঁয়ে দেখতে চান ডানহাতি পেসার ও বাঁ-হাতি এই ব্যাটসম্যান। তাই তো টি-টোয়েন্টি অভিষেকের ছয় মাস পর বাড়তি আত্মবিশ্বাস নিয়েই লড়তে যাচ্ছেন হাশিম আমলা-এবি ডি ভিলিয়ার্সদের মত বিখ্যাত সব ব্যাটসম্যানদের বিপক্ষে।
দলের অন্যান্য ক্রিকেটারদের মতো প্রোটিয়াদের মাটিতে নতুন নন সাইফুদ্দিন। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওখানে খেলেছেন তিনি। সেক্ষেত্রে খানিকটা হলেও এগিয়ে। তারপরও, এ যে আন্তর্জাতিক ক্রিকেট। তাই তো নিজের সংক্ষিপ্ত অভিজ্ঞতাতেও বুঝতে পারছেন সবকিছু সহজ হবে না।
প্রিয়.কমের সঙ্গে সে নিয়ে আলাপকালে বললেন, ‘আমার কথা যদি বলেন আগে ওখানে আমরা অনূর্ধ্ব-১৯ খেললাম। ভাল অভিজ্ঞতা ছিল। কিন্তু এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখানে পরিস্থিতিটা একেবারেই আলাদা। আমার কাছে মনে হয় সফরটা অনেক কঠিন হবে। তো ইন শা আল্লাহ চেষ্টা করব ভাল করতে।’
সর্বশেষ শ্রীলঙ্কা সফরে দুটি টি-টোয়েন্টিতেই সু্যোগ পেয়েছিলেন সাইফুদ্দিন। কিন্তু সুবিধা করতে পারেননি। তিন ম্যাচে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন। ব্যাট হাতে সাত রান। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই যে খেই হারিয়েছিলেন, তা গেল ছয় মাসে পুনরুদ্ধার করতে পেরেছেন বলে মনে করছেন সম্ভাবনাময় এই তরুণ ক্রিকেটার। হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) হয়ে অনুশীলনের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ব্যাট-বলে স্বাচ্ছন্দ্যে ছিলেন। যেখানকার কন্ডিশনও দক্ষিণ আফ্রিকার কাছাকাছিই। কিন্তু শুধু কন্ডিশন নিয়ে পার পাওয়া যাবে না, তা মানছেন। দক্ষিণ আফ্রিকা দল কতটা শক্তিশালী সে ব্যাপারেও ধারণা রয়েছে।
সাইফুদ্দিন বলেন, ‘লাস্ট যে দুইটা ট্যুর করলাম, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড; ওখানকার অভিজ্ঞতাটা কাজে লাগানর চেষ্টা করব। যদিও প্রতিপক্ষে এক নয়, দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী। সেক্ষেত্রে সফরটা কঠিন হবেই। তারপরও, নিজের উপর যতটুকু বিশ্বাস আছে চেষ্টা করব সেরাটা দিতে। বাকিটা আল্লাহর হাতে।’

 

কথা ছিল নয় অক্টোবর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশে অবস্থান করা ওয়ানডে দলের বাকি সদস্যরা। কিন্তু সেখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে দুদিন আগেই ডেকে পাঠিয়েছেন প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু। তার আগে সবাই দু’দিন অনুশীলন করেছে। এই সময়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাপারে ভাল ধারণা পেয়েছেন সাইফুদ্দিন। সফল অধিনায়কের কাছ থেকে পরামর্শও পেয়েছেন তিনি। সবকিছুই কাজে লাগাতে চাওয়ার প্রত্যয় তার কন্ঠে।
এ প্রসঙ্গে বলেছেন, ‘মাশরাফির ভাইয়ের সাথে দু’দিন অনুশীলন করলাম। উনার দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা আছে, তো যতটা পারলাম উনার কাছ থেকে পরামর্শ নিলাম। কোন ব্যাটসম্যান কীভাবে খেলে, কতটা ভাল খেলে। হাশিম আমলা, ডি ভিলিয়ার্স এদের ব্যাপারে। চেষ্টা করব ওখানে গিয়ে সুযোগ পেলে ভাল করার।’
প্রথমবারের মতো ওয়ানডে দলে খেলার হাতছানি। মূল একাদশে সুযোগ পেলে গায়ের নতুন জার্সিতেও লাগবে আত্মবিশ্বাসের হাওয়া। ব্যক্তিগত পরিকল্পনার ব্যাপারে মাটিতেই পা রাখছেন সাইফুদ্দিন। নিজের নয়, দলের জন্য খেলতে চান। তবে সেটা সুযোগ পাওয়ার পরই। আপাতত লক্ষ্য অনুশীলন ম্যাচে ভাল করা।
বললেন, ‘ওখানে তো আগে অনুশীলন ম্যাচ হবে। সেখানে ভাল করতে চাই। তারপর সুযোগ পেলে নিজেকে ঢেলে দিতে চাই। সেটা বোলিং দিয়ে হোক, ব্যাটিং দিয়ে হোক বা ফিল্ডিং হোক।’
নিজের সময়ে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন সাইফুদ্দিন। ঘরোয়া ক্রিকেটেও নজড় কেড়েছেন। প্রথম শ্রেণিতে ২৪ ম্যাচ খেলে নিয়েছেন ৫১ উইকেট। ব্যাট হাতে ৩৩.৪০ গড়ে ছয়টি হাফ সেঞ্চুরিসহ মোট ৮৩৫ রান তুলেছেন। এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২৩টি। উইকেট রয়েছে ৩৬টি। ২৫.০০ গড়ে মোট রান ২৫০। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭৭ রানের। সেটি তার একমাত্র হাফ সেঞ্চুরি এই ফরম্যাটে।