শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ
অনলাইন ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজের কক্ষে ধূমপান করতে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সংশ্লিষ্ট চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালটি আকস্মিক পরিদর্শন করেন সরকারপ্রধান। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশসহ হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে ধূমপান করতে দেখেন তিনি। পাশাপাশি কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ জানান সরকারপ্রধান।
এ ঘটনার পর প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ডা. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসাসেবার মান বজায় রাখার পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন।











