রোহিঙ্গা সংকট নিরসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত
রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তির খসড়া হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী। মিয়ানমারের নেত্রী অং সান সুচির দপ্তর বিষয়ক মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ে এ বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হন। বৈঠকের পর এ কথা সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী। এছাড়া খুব শীঘ্রই রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মিয়ানমার সফরে যাচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী আরো বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে মিয়ানমার। দুটি দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হওয়ার পর এ বিষয়টি নিয়ে কাজ শুরু করবে। এছাড়া সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে তিনটি চুক্তির খসড়া প্রস্তুত আছে। যার একটি শীগগির মিয়ানমারের সঙ্গে স্বাক্ষরিত হবে। তবে বৈঠকের পর মিয়ানমারের মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
মিয়ানমারের সঙ্গে যৌথ সীমান্ত ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে এ বৈঠকে। এ বিষয়টি নিয়েই আলোচনা করা জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মিয়ানমার যাচ্ছেন। তবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস এর আগেও মিয়ানমারের তরফ থেকে দেওয়া হলেও কার্যত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ২৫ সেপ্টেম্বরের পর বাংলাদেশে মিয়ানমারের রাখাইন অঞ্চল থেকে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান পালিয়ে এসেছে। তারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী তাদের ওপর হত্যাযজ্ঞ, নির্বিচারে ধর্ষণ ও লুটপাট-ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছে। জাতিসংঘ ইতিমধ্যে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন চলছে বলে জানিয়েছে।











