কেবল নূর নাহার বেগম নয়, এই মার্কেটের বারান্দা আরও কমপক্ষে অর্ধশত পরিবারের মাথা গোজার ঠাঁই। এসব পরিবারের সদস্যদের নাওয়া-খাওয়াসহ সবকিছু আর ১০টা স্বাভাবিক মানুষের মতো নয়। ঘর-গৃহস্থালীর কোনও ছোঁয়া নেই তাদের জীবনে। এসব ছিন্নমূল মানুষের আবাসনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও তা অপ্রতুল। ফলে নিয়ম করে আরও একটি বিশ্ব বসতি দিবস হাজির হলেও এসব বাস্তুহারা মানুষের আবাসন স্বপ্নই থেকে যাচ্ছে।
আজ সোমবার (২ অক্টোবর) বিশ্ব বসতি দিবস। ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার এই দিবসটি পালিত হয়ে আসছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘গৃহায়ণ নীতিমালা: সাধ্যের বসতি’।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন অধিদফতর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) আবাসন খাতের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করছে। সোমবার সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়াও, দিনব্যাপী রয়েছে সভা-সেমিনারসহ বিভিন্ন আয়োজন।
‘ইন্টার্নাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার’ ও ‘নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে’র এক প্রতিবেদনে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ছয় বছরে বাংলাদেশে অন্তত ৫৭ লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন। আগের বছরগুলো হিসাবে নিলে এই সংখ্যা আরও বেশি। প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি এলাকার মানুষ সবচেয়ে বেশি বাস্তুচ্যুত হয়েছেন। আর দেশের বিভিন্ন দুর্যোগে বাস্তাহারা হওয়া মানুষদের বেশিরভাগই আশ্রয় নেন ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। এসব মানুষের ন্যূনতম আবাসন সুবিধা নিশ্চিত না করেই পালিত হচ্ছে এবারের ‘বিশ্ব বসতি দিবস ২০১৭’।
অনুসন্ধানে দেখা গেছে, সরকারের বিভিন্ন আবাসন প্রকল্প থাকলেও এর সুবিধাভোগীরা হলেন সরকারি কর্মকর্তা, সম্পদশালীসহ বিভিন্ন পেশার মানুষ। এদের অধিকাংশই বসবাস করেন রাজধানী ঢাকাতে। অথচ বাস্তুহারা, দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা সরকারি আবাসন সুবিধা পাচ্ছেন না। এছাড়া, গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই আবাসন নিয়ে এখনও সরকারের দৃশ্যমান কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না।
বেসরকারি এক জরিপের তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার মধ্যে সরকারিভাবে ১৭ শতাংশ মানুষের টেকসই আবাসন নিশ্চিত করা হয়েছে। আর বেসরকারি উদ্যোগে হয়েছে ১৯ শতাংশ মানুষের। ৪৪ শতাংশ মানুষ বস্তিতে বসবাস করছে। এছাড়া, ২০ শতাংশ মানুষ খোলা আকাশের নিচে এবং ব্যক্তিগত দুর্বল অবকাঠামোর বাসভবনে বসবাস করছে।
সম্প্রতি ঢাকার ৩০ হাজার পথবাসী মানুষের ওপর একটি জরিপ চালায় বেসরকারি সংস্থা কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ)। ওই জরিপে দেখা গেছে, শতকরা ২১ ভাগ মানুষ ১ থেকে ৪ বছর ধরে ঢাকার খোলা আকাশের বাস করছেন। এছাড়া, ১৬ ভাগ মানুষ ৫ থেকে ৯ বছর ধরে, ১৯ ভাগ মানুষ ১০ থেকে ১৪ বছর ধরে এবং ৪৪ ভাগ মানুষ ১৫ বছরের ওপর খোলা আকাশের নিচে বসবাস করছেন। এসব মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুটপাতেই সারাজীবন কাটিয়ে দিচ্ছেন— এমন লোকও কম নয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা শহরের ফুটপাতেই ৩০ হাজার মানুষ জীবনযাপন করছে। অন্যান্য শহরেও রয়েছে আরও ২০ হাজারের বেশি মানুষের বাস। আর ঢাকা শহরের বস্তিগুলোতে বসবাস করছে প্রায় ৪০ লাখ মানুষ।
বিশ্বব্যাংকের এক জরিপে দেখা গেছে, রাজধানী ঢাকায় প্রতিবছর তিন থেকে চার লাখ নতুন মানুষ যোগ হচ্ছে। এদের অধিকাংশই হতদরিদ্র। বাসাবাড়িতে থাকার আর্থিক সাধ্য না থাকায় তাদের থাকতে হয় বস্তিতে। পরে তাদের অনেককেই বস্তি থেকে উচ্ছেদ হয়ে ঠাঁই নিতে হয় ফুটপাতে।
জানা গেছে, রাজধানীর মিরপুরে বস্তিবাসীর জন্য দৈনিক ২৭০ টাকা ভাড়াভিত্তিক ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে ২০ হাজার পরিবারের আবাসনের ব্যবস্থার কথা বলা হচ্ছে। কিন্তু কবে নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে, তার কোনও নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। এদিকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ২০২১ সালের মধ্যে দেশের আবাসন সংকট নিরসনে বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মধ্যে রাজধানীর বাইরেও উপজেলা পর্যায়ে ফ্ল্যাট ও প্লট প্রকল্প রয়েছে।
এ প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী সবার জন্য আবাসন নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। সবার জন্য আবাসন নিশ্চিত করতে আমারা কাজ করছি। এটা মানুষের মৌলিক অধিকার। বস্তিবাসীর জন্যও তাদের ভাড়ার টাকায় আবাসন বানানো হচ্ছে। কোনও মানুষ গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে আমরা সবার বাসস্থান নিশ্চিত করব।’
এদিকে, বস্তিবাসীর সেবার জন্য পাঁচটি পথবাসী কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল। এজন্য ঢাকার ধলপুরে দুই কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে ভবনগুলোর নির্মাণ কাজ চলছে। এতে ডিএসসিসি এলাকার পথবাসীকে সেবা দেওয়া হবে।
তথ্যসুত্র : বাংলাট্রিবিউন











