বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়া দশমী আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : সব পূজামণ্ডপেই এখন বিষাদের ছায়া। হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঘরে ঘরে মন খারাপের দিন। ঢাক-কাঁসরের বাদ্য-বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি ও পূজারি-ভক্তদের পূজা-অর্চনায় কেবলই মা দুর্গার বিদায়ের আয়োজন। শুক্রবার ছিল দুর্গোৎসবের মহানবমী তিথি; এদিন ষোড়শ উপচারে দেবীর বন্দনা ও মহাস্থান-যজ্ঞ, আর সন্ধ্যায় আরতি বন্দনায় ‘আনন্দময়ী’র অর্চনা করেন তারা। ভোর থেকে চলা ঝুমবৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথে জোর পদক্ষেপ নেওয়ার শপথ নেন ভক্তরা। প্রার্থনা করেন বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গা শরণার্থীদের জন্যও।

ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিটের দক্ষিণ মৈশুি পূজা কমিটির সভাপতি প্রশান্ত বণিক চৌধুরী জানান, পূজার মূল প্রার্থনা শেষে তারা মিয়ানমারের হতভাগ্য রোহিঙ্গা নাগরিকদের জন্যও প্রার্থনা করেছেন। শনিবার শুভ বিজয়া দশমী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন মা। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেবেন প্রতিমা। পাঁচ দিনের সার্বজনীন মিলনমেলা ভাঙবে শনিবার। শাস্ত্র বলছে, সপ্তমী অর্থাৎ দেবীর আগমনের দিন বুধবার এবং ফেরার দিন শনিবার হওয়ায় দুর্গা এবার আসছেন নৌকায় চড়ে, যাবেন ঘোড়ায়। দুর্গার নৌকায় চড়ে মর্ত্যে আসার অর্থ হলো—‘শস্যবৃদ্ধিস্থ‘থাজলম’। অর্থাৎ শস্যবৃদ্ধির সম্ভাবনা। আর ঘোড়ায় চেপে দেবীর বিদায়ের মানে হলো—‘ছত্রভঙ্গস্থরঙ্গমে’; মানে রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অপমৃত্যুর শঙ্কা। শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হবে। এরপর সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন। বিসর্জনের উদ্দেশে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বিকেল ৪টায়। এর আগে রাজধানীর ২৩১টি পূজামণ্ডপের অধিকাংশই এসে জমা হবে পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হবে প্রতিমা।

বিজয়া দশমী উপলক্ষে শনিবার সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ সংখ্যা ও নিবন্ধ। শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে বেলা ১২টায় স্বেচ্ছায় রক্তদান আয়োজিত হবে। মণ্ডপে মণ্ডপে রয়েছে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতিসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালা। এ ছাড়া দেশজুড়ে দুর্গোৎসব চলাকালে মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার ছিল শারদীয় দুর্গোৎসবের মহানবমী। দিনটির প্রধান আকর্ষণ ছিল মণ্ডপে মণ্ডপে আরতি প্রতিযোগিতা। সন্ধ্যা ও রাতকে উজ্জ্বল করে ভক্তরা মেতে উঠেছিলেন নানা ঢঙ্গে, আরতি নিবেদনে। সেই সঙ্গে ছিল দিনভর পুরোহিতদের চণ্ডিপাঠ। মণ্ডপে মণ্ডপে ভক্তদের কীর্তন বন্দনা। সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্কপ্পারল্ফ¢ ও মহানবমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। পুজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ আরতি করা হয়। মহানবমীর দিনেও রাজধানী ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপলোতে মানুষের ঢল নেমেছিল। মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় ছিল উপচেপড়া। হাজার হাজার ভক্ত, পূজারি ও দর্শনার্থী মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কোথাও মণ্ডপ সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বিকেল থেকেই। এ কারণে নগরীর বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাতে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছে যাওয়ায় পূজারিদের পড়তে হয় ভোগান্তির মধ্যে।