,

কুতিনহো প্রমাণ করলেন কেন তিনি ‘বিক্রির জন্য নন’

news-image

স্পোর্টস ডেস্ক : শনিবার নিশ্চিতভাবে জানা গেল, কুতিনহোকে দলে টানতে কত আগ্রহী ছিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৫ বছরে ১১৫ মিলিয়ন ইউরো বেতন দিতে রাজি ছিল বার্সেলোনা। বার্সেলোনা ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অস্কার গ্রাউয়ের ই-মেইলের জবাবে লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর মাইকেল এডওয়ার্ডস লিখেছিলেন, ‘কোনো অঙ্কেই আমাদের সিদ্ধান্ত বদলাবে না।’ ধারে-ভারে বার্সেলোনা হয়তো মাইল খানেক এগিয়ে, কিন্তু তাতে ভীত হয়নি লিভারপুল। বারবার জানিয়েছে, কুতিনহোর কোনো বিকল্প তাদের কাছে নেই। কিন্তু চাইলেই তো অন্য খেলোয়াড় কিনতে পারা যায়। বার্সাকে তবে ফিরিয়ে দেওয়া কেন?

উত্তরটাও শনিবারই পাওয়া গেল। তবে এবার আর ফুটবল লিকসের ওয়েবসাইটে নয়, লেস্টার সিটির মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে জবাবটা দিলেন কুতিনহো নিজেই। মৌসুমে দ্বিতীয়বার ম্যাচের শুরু থেকেই মাঠে নেমে আলো ছড়ালেন ব্রাজিলিয়ান প্লে-মেকার। তাঁর এক গোল আর এক অ্যাসিস্টে ৪ ম্যাচ পর জয়ের মুখ দেখেছে অল রেডরা, লেস্টার সিটিকে হারিয়েছে ৩-২ গোলে।

১৫ মিনিটে বাঁ প্রান্ত ধরে আক্রমণে গিয়েছিল লিভারপুল। বক্সে থাকা মোহামেদ সালাহ কয়েক মিলিসেকেন্ডের জন্য হাত তুলেছিলেন বল পাওয়ার জন্য, কারও খেয়াল করার কথা নয়। সালাহ ছিলেন পুরোপুরি উল্টো প্রান্তে, তার ওপর খর্বকায় একজন ফরোয়ার্ডকে হেড করতে আশা করাটা কিছুটা বোকামি তো বটেই। কিন্তু কুতিনহোর জন্য ও-ই যথেষ্ট, দ্রুতগতির বাঁকানো ক্রসে শুধু সালাহই পৌঁছাতে পারতেন। দুরূহ কোণ থেকে হেড করে লিভারপুলকে এগিয়ে দিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড।

২২ মিনিটে পোস্টের ২৫ গজ দূরে আলবার্তো মোরেনোকে ফাউল করেন উইলফ্রেড এনডিডি। গোল করার আদর্শ জায়গায় ডান পায়ে আরও একটি বাঁকানো ফ্রি কিক। লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল যখন জাল থেকে বল কুড়িয়ে বের করছেন, ততক্ষণে স্টেডিয়ামের সফরকারী সমর্থকেরা ‘কুতিনহো’ ‘কুতিনহো’ স্লোগানে মুখর। তাঁদের সামনে গিয়ে দুই হাত প্রসারিত করে উদ্‌যাপন করলেন কুতিনহো, উসকে দিলেন আরও সমর্থনের জন্য।

একজন প্লে-মেকারের গোছানো খেলায় বদলে গেল লিভারপুল। প্রিমিয়ার লিগে কুতিনহোর অভিষেকের পর বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করেছেন এই ব্রাজিলিয়ান, ১৬টি। তাঁকে তুলে নিতেই আবার পুরোনো লিভারপুল। গোল করেছেন জেমি ভার্ডি, সিমোনে মিনোলে তাঁর পেনাল্টি না বাঁচালে হয়তো ড্র-ই করত ক্লপের শিষ্যরা। জার্মান কোচের কাছে কুতিনহোর কোনো বিকল্প আসলেই নেই। আর দলবদল মৌসুমকে পেছনে ফেলে পেশাদার খেলোয়াড়ের মতোই বর্তমান ক্লাবকেই নিজের পুরোটা দিচ্ছেন কুতিনহো।

-স্পোর্টস ডেস্ক

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা