সাইনবোর্ডেই ব্যয় অর্ধকোটি টাকা! প্রকল্পে কত?
নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটে অতি দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসৃজন প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। শুধুমাত্র ভাউচার বানিয়ে লাখ লাখ টাকা লোপাট করেছে সংশ্লিষ্টরা।
জানা গেছে, অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার সারাদেশে কর্মসৃজন প্রকল্পে ৪০ দিনের কর্মসুচি চালু করে। যার ধারাবাহিকতায় লালমনিরহাটের পাঁচটি উপজেলায় দুই পর্যায়ে মোট ৮০টি কর্মদিবসে ছিন্নমূল শ্রমিকরা রাস্তাঘাট, খেলার মাঠ, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাটের কাজ করেন। দৈনিক দুইশ’ টাকা মজুরিতে সাধারণ শ্রমিকরা ও ২৫০ টাকা মজুরিতে সর্দাররা কাজের সুযোগ পান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে লালমনিরহাটের পাঁচটি উপজেলায় দুই পর্যায়ে ৫৫৮টি প্রকল্পের বিপরীতে ১৪ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। যার মধ্যে ৮ হাজার ৭৪৭ জন সাধারণ শ্রমিকের মজুরি ১৩ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ও ৫৫৮ জন শ্রমিক সর্দারের মজুরি ধরা হয়েছে ১৬ লাখ ২০ হাজার টাকা। এসব প্রকল্পে একটি করে সাইনবোর্ড সাটানোর জন্য পৃথক ৭৭ লাখ ৩৯ হাজার ১৯৫ টাকা বরাদ্ধ দেয়া হয়।
প্রতিটি প্রকল্পের জন্য একটি সাইনবোর্ড সাটানো বাধ্যতামূলক। এসব সাইনবোর্ড তৈরির ভাউচারে লালমনিরহাটের পাচঁটি উপজেলায় বিস্তার ব্যবধান লক্ষ্য করা গেছে। কাঠের ফ্রেমে প্রতিটি ডিজিটাল সাইনবোর্ড তৈরিতে পাটগ্রাম উপজেলায় খরচ দেখানো হয়েছে সাতশ’ টাকা। অথচ ওই একই সাইনবোর্ড তৈরিতে সদর ও আদিতমারীতে ২ হাজার ৯৫০ টাকা এবং কালীগঞ্জ উপজেলায় ২ হাজার ৮৫০ টাকার খরচ দেখানো হয়েছে। জেলার ভিতরে সাইনবোর্ড তৈরির খরচের এমন ব্যবধান লুটপাটকে প্রমাণ করে বলে স্থানীয়দের অভিযোগ।
নিজেদের অবস্থান পরিষ্কার করতে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইনবোর্ডের ৮ হাজার এক শত টাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে ফেরত পাঠালেও অন্যদের এমন তথ্য নেই। অর্থবছর শেষ হওয়ায় প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়সহ ঊর্দ্ধতন দফতরে পাঠিয়েছেসংশ্লিষ্ট উপজেলা কমিটি।
শুধু তাই নয়, প্রতিটি প্রকল্পের চেয়ারম্যানদের আনুষাঙ্গিক খরচের জন্য বরাদ্দ থাকলেও কেউ কেউ আংশিক পেয়েছেন। আবার অনেকে কোনো টাকাই পাননি। প্রকল্প বাস্তবায়ন অফিস কাগজ কলমে ঠিক রেখে লোপাট করেছেএসব অর্থ। ইউনিয়ন কমিটির খরচ দেখানো হলেও বাস্তবে ইউনিয়ন কমিটি কোনো খরচ পান না বলে দাবি করেছেন একাধিক জনপ্রতিনিধি।
নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য ও জনপ্রতিনিধি জানান, জেলার পাঁচটি উপজেলার শুধুসাইনবোর্ড ও তার ভাউচার মিলালে বেরিয়ে আসবে এসব প্রকল্পের লুটপাটের আসল তথ্য। এজন্য তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান।
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলাম বিবার্তাকে জানান, তার উপজেলার ১১৪টি প্রকল্পে ১১৪টি সাইনবোর্ড তৈরি করা হয়,যার প্রতিটির মূল্য ধরা হয়েছে ২ হাজার ৮৫০ টাকা। প্রকল্পে বরাদ্দ ছিল তাই খরচ দেখানো হয়েছে ।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপজেলার একাধিক ইউনিয়নের সদস্যরা জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলামের কারণে জেলারকর্মসৃজন প্রকল্পে সবচেয়ে বেশি টাকা লোপাট হয়েছে এই উপজেলায়।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন বিবার্তাকে বলেন, ইউনিয়ন কমিটিকে খরচ দিলেও তারা শ্রমিকদের হাজিরা বইসহ আনুষাঙ্গিক বিষয়াদি প্রস্তুত রাখেন না। তাই এবছর ইউনিয়ন কমিটিকে কোনো খরচ করতে দেয়া হয়নি।
জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার সুজা উদ দৌলা বিবার্তাকে জানান, বিষয়টি আমারজানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে ।











