বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল!

news-image

স্পোর্টস ডেস্ক :মূল সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ শুরু করেছে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমদিনই মাংসপেশিতে টান পড়ায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। চোটের ধরণ জানতে অপেক্ষা করা হয়েছিল শুক্রবার পর্যন্ত। চোটের ধরণ জানার পর, অনিশ্চিত হয়ে পড়েছে তামিমের প্রথম টেস্ট।
জানা গেছে, তামিমের বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে। চোটগ্রস্ত পেশিতে স্ক্যান করানোর পর এ দুঃসংবাদ জেনেছেন বাঁহাতি ওপেনার। এ জাতীয় চোট সারতে সাধারণত সাত থেকে দশ দিন সময় লাগে। সে ক্ষেত্রে ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তামিমকে ছাড়াই নামতে হতে পারে মুশফিকুর রহিমদের।

 

দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের চতুর্থ ওভারেই ব্যক্তিগত পাঁচ রানের সময় পেশির চোট নিয়ে মাঠ ছাড়েন তামিম। স্থানীয় সময় শুক্রবার বিকেলে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায় চোটের মাত্রা এবং এ থেকে সেরে ওঠার সময়কাল। সে হিসেবে সুস্থ হতে ন্যূনতম সাত দিন লাগলেও প্রথম টেস্টে তামিম নামতে পারছেন না।
বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে তামিম বলেন, ‘বলতে পারেন ফিফটি-ফিফটি। সবটাই নির্ভর করছে আমি কতটা দ্রুত সেরে উঠতে পারি। আগামী দু-একদিনের মধ্যে বুঝতে পারব কতটা দ্রুত সেরে উঠছি। এরপরই সিদ্ধান্ত জানাতে পারবো।’