,

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে হেরে গেল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল বেতিসের কাছে হারের লজ্জা পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে লা লিগায় ১-০ গোলে জিতেছে বেতিস।

তাদের জয়ের নায়ক তরুণ ফরোয়ার্ড আন্তোনিও সানাবিরা।
এবারের লিগে ঘরের মাঠে জয়শূন্যই রইলো রিয়াল। দ্বিতীয় রাউন্ডে ভালেন্সিয়ার সঙ্গে ২-২ এর পর লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করে জিনেদিন জিদানের দল।

ঘরের মাঠে তৃতীয় মিনিটেই গোল খেতে বসেছিল রিয়াল। পাল্টা আক্রমণে আন্তোনিও সানাবিরার এক জনকে কাটিয়ে নেওয়া শট গোলরক্ষককে পরাস্ত করলেও দানি কারভাহালের পায়ে লাগলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।
দশম মিনিটে ইসকোর কর্নারে সতীর্থের পা ঘুরে আসা বল গোলমুখে পেয়েছিলেন রোনালদো। কিন্তু জটলার মধ্যে ঠিকমতো শট নিতে পারেননি। ব্যকহিলে চেষ্টা করেছিলেন; কিন্তু বল একজনের গায়ে লেগে বাইরে চলে যায়।

২৯তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে রোনালদোর জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ছয় মিনিট পর কারভাহালের ভুলে ডি-বক্সের বাইরে বল পেয়ে কিছুটা আড়াআড়ি দৌড়ে ফাবিয়ান রুইসের নেওয়া জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকান নাভাস।

সাত মিনিট পর ইসকোর কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। বিরতির আগে আরেকটি সুযোগ নষ্ট করেন রোনালদো।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আবারও হতাশ করেন চারবারের বর্ষসেরা ফুটবলার। বাঁ থেকে বেলের দারুণ ক্রস ভালো জায়গায় পেয়েও উড়িয়ে মারেন। সুযোগ নষ্টের মহড়া চলতে থাকে অতিথি শিবিরেও; ৫৫তম মিনিটে পাল্টা আক্রমণে একা ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন স্প্যানিশ ফরোয়ার্ড ফ্রান্সিস।

গোল পেতে মরিয়া জিদান ৬৭তম মিনিটে মিডফিল্ডার ইসকোকে বসিয়ে আসনসিওকে নামান। খানিক পর ডিফেন্ডার মার্সেলোর জায়গায় ফরোয়ার্ড ভাসকেস ও লুকা মদ্রিচের জায়গায় আরেক ফরোয়ার্ড মায়োরালকে নামান কোচ।

তাতে শেষ ১৫ মিনিটে রিয়ালের আক্রমণের ধার আরও বাড়ে। কিন্তু সাফল্যের দেখা মেলেনি। ৭৫তম মিনিটে বেলের দুর্দান্ত এক ব্যাকহিল গোলরক্ষক ঠেকানোর পর বল লাগে পোস্টে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মায়োরালের হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

অবশেষে একেবারে শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন সানাবিরা। স্বদেশি ডিফেন্ডার আন্তোনিও বারাগানের ক্রসে হেডে নাভাসকে পরাস্ত করেন ২১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড আন্তোনিও সানাবিরা।

দুই জয় ও দুই ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৮, সপ্তম স্থানে নেমে গেছে তারা। শীর্ষস্থানধারী বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে। পাঁচ ম্যাচের সবকটিতে জেতা কাতালান ক্লাবটির পয়েন্ট ১৫।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে