বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৭ উইকেটের সহজ জয় ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : গেইল-স্যামুয়েলসকে ফিরিয়ে এনেও ওয়ানডে জেতা হলো না ওয়েস্ট ইন্ডিজের। ঝড় তুলেছিলেন গেইল, তবে জীবন পেয়েছিলেন ইনিংসের তৃতীয় ওভারে ক্রিস ওকসের বলে। স্লিপে তাঁর ক্যাচ ফেলেন জো রুট। নবম ওভারে সেই ওকসের বলেই দারুণ এক ক্যাচ নিয়ে গেইলকে ফেরান রুট। এর আগে ৩ ছক্কা ও ২ চারে ২৭ বলে ৩৭ রান করেন গেইল। ওপেনার জনি বেয়ারস্টোর প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে রয়্যাল লন্ডন সিরিজের প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতে নিয়েছে ইংল্যান্ড। ৯৭ বলে ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সর্বশেষ ৪ ইনিংসে এটি তাঁর তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

লক্ষ্যটা মামুলি, ৪২ ওভারে ২০৫ রানের। তবে আশা ছাড়েনি ওয়েস্ট ইন্ডিজ, শুরুতেই তুলে নিয়েছিল বিস্ফোরক ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট। জেরেমি টেইলরের বলে এভিন লুইসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এই ডানহাতি। তারপরই টেস্ট অধিনায়ক জো রুট আর ব্যাটিংয়ে প্রমোশন পাওয়া জনি বেয়ারস্টোর ১২৫ রানের জুটি। ৫৩ বলে ৫৪ রানের আরও একটি হাফ সেঞ্চুরি ইনিংস খেলেছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের ৪ নম্বর ব্যাটসম্যান। ২৪তম ওভারে এই জুটি ভাঙেন কেসরিক উইলিয়ামস, তুলে নিয়েছেন জো রুটকে।

নিয়মিত অধিনায়ক এউইন মরগান থিতু হতে পারেননি। ১১ বলে ১০ রান করে ক্যাচ দিয়েছেন হোপকে, ঘাতক সেই উইলিয়ামস। এরপর বেন স্টোকসকে নিয়ে বাকি পথটুকু নিরাপদে পাড়ি দিয়েছেন জনি বেয়ারস্টো। নিখুঁত এক ওয়ানডে ইনিংসে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি উদ্‌যাপন করলেন ব্র্যাডফোর্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

এর আগে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে ৪২ ওভারে তুলতে পারে মাত্র ২০৪ রান। ৪৫ ও ৫৩ রানে দুই ওপেনার, ১০৩ ও ১০৭ রানে তিন ও চার নম্বর ব্যাটসম্যান যথাক্রমে শাই হোপস ও মারলন স্যামুয়েলসের উইকেট হারায় ক্যারিবীয়রা। ৪৬ বলে ১৭ রানের স্বভাববিরুদ্ধ ইনিংস খেলেছেন মারলন স্যামুয়েলস। তাঁকে আউট করে নিশ্চিতভাবেই মনস্তাত্ত্বিক জয় তুলে নিয়েছেন স্টোকস। দুই বছর আগে গ্রেনাডা টেস্টে স্টোকসকে আউট করে তাঁকে ‘স্যালুট’ দেখিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন স্যামুয়েলস। এরপর গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন দুজন। শেষ দিকে অধিনায়ক জেসন হোল্ডার অপরাজিত ৪১ রান না করলে ২০০ রানের কোটাও পেরোতে পারত না সফরকারীরা। স্বাগতিকদের হয়ে ৩ উইকেট নেন বেন স্টোকস। ২টি করে উইকেট আদিল রশিদ ও ক্রিস ওকসের।

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে চলতি ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ৪-০ ব্যবধানে জিতলেও চলবে, সে ক্ষেত্রে একটি ম্যাচ ‘টাই’ কিংবা ‘পরিত্যক্ত’ হতে হবে। তখন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে আটে উঠে আসবে ওয়েস্ট ইন্ডিজ।