মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিষপানের পরও স্কুলছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টা, অতঃপর…

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : বাল্যবিয়ে করবে না বলে বিষপান করে মেয়েটি। এর পর তাকে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবার সেই আয়োজন। এবারও বাদ সাধে কনে নবম শ্রেণির ওই ছাত্রী। পরিবারের লোকজনও বিয়ে দেওয়ার ব্যাপারে অনড়। থানা পুলিশের অভিযানে শেষ পর্যন্ত বিয়ে হয়নি তানিয়া খাতুনের। তানিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি ঝাউদিয়া গ্রামে।

জানা গেছে, কয়েক দিন আগে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের হাফিজুর রহমানের ছেলে জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে ঠিক হয় ঝাউদিয়া গ্রামের তাহাজ্জেল হোসেনের মেয়ে তানিয়ার। এ খবরে সে বিষপান করে। হাসপাতাল থেকে ফেরার পর ফের বিয়ের আয়োজন করায় তানিয়া অসম্মতি জানায়। সে পরিবারের লোকজনের কাছে লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে। পরিবারের লোকজন তার কথা না শুনে বিয়ের আয়োজন করতে থাকে। এর পর তানিয়ার বন্ধুরা খবরটি পৌঁছে দেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে।

রোববার রাতে বরের পরিবারের লোকজন বিয়ে করতে তানিয়ার বাড়িতে আসে। এ সময় অভিযান চালান ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ সদস্যরা। তারা বর, কাজি ও কনের পিতাকে আটক করে বিয়ে বন্ধ করে দেন। এ সময় তানিয়াকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন থানার অফিসার ইনচার্জ রতন শেখ। পরিবার নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত তানিয়াকে বিয়ে দেবে না বলে অঙ্গীকার করে।

বর জিয়াউর রহমান, কাজি ফারুক হোসেন ও মেয়ের বাবা তাহাজ্জেল হোসেনকে ৭ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। তানিয়া জানায়, তার লেখাপড়া করার খুব ইচ্ছা। লেখাপড়া করে সে অনেক দূর যেতে চায়।