বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নেই ফিল্যান্ডার
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের ফেরা হচ্ছে না, এটা জানা গিয়েছিল আগেই। নতুন খবর হলো, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না আরেক পেসার ভারনন ফিল্যান্ডারও।
গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে পিঠের চোটে পড়েছিলেন ফিল্যান্ডার। ফলে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে খেলতে পারেননি। এরপর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। বাংলাদেশ সিরিজের আগে আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতার প্রথম রাউন্ডে কেপ কোবরাসের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু তাকে সেই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
শুক্রবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল কমিটির প্রধান শুইব মানজরা বলেছেন, ‘ফিল্যান্ডার খুব ভালোভাবে ফিরে আসছে। ওর ফেরার জন্য আমরা প্রথম ম্যাচ টার্গেট করিনি। আমাদের লক্ষ্য ওকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামানো।’
প্রথম শ্রেণির প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ওইদিন পচেফ্স্ট্রুমে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ফিল্যান্ডার যে প্রথম টেস্টে থাকছেন না, সেটাও জানালেন মানজরা, ‘আমাদের নীতি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার আগে তাকে একটি কিংবা দুটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ খেলতে হবে।’
ফিল্যান্ডার কেপ কোবরাসের দ্বিতীয় ম্যাচে খেলবেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরতে হলে সেই ম্যাচে নিজেকে ফিট প্রমাণ করতে হবে তাকে। ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ অক্টোবর।
স্টেইন-ফিল্যান্ডার না থাকায় দক্ষিণ আফ্রিকাকে পেস আক্রমণ সাজাতে হবে কাগিসো রাবাদা, মরনে মরকেল ও ডুয়ান অলিভিয়ের অথবা ক্রিস মরিসের একজনকে নিয়ে। আগামী ২২ সেপ্টেম্বর টেস্টের দল ঘোষণা করবে সিএসএ।











