বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ট্যানারি শ্রমিকর

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্বাসকষ্ট ও চর্মরোগের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ট্যানারি শ্রমিকরা। ট্যানারিতে কর্মরত প্রায় তিন-চতুর্থাংশ শ্রমিকই এই ধরনের রোগে ভুগছেন।চিকিৎসকরা বলছেন, ট্যানারির কাজ না ছাড়লে এই ধরনের রোগের থেকে মুক্তি নেই। বরং চর্ম রোগ থেকে স্কিন ক্যান্সারও হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের এক জরিপ থেকে জানা গেছে, ট্যানারি শ্রমিকদের প্রায় ৭৪ শতাংশই চর্মরোগে আক্রান্ত। আর হাঁপানিতে ভুগছেন ৫০ শতাংশ শ্রমিক। হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরিত হলেও ছোট-খাটো ট্যানারি রয়ে গেছে রাজধানীর হাজারীবাগে।

হাজারীবাগে একটি ট্যানারিতে দশ বছর ধরে কাজ করছেন রহিমন। তার বাড়ি শরিয়তপুরের ভেদেরগঞ্জ। রহিমন চর্মরোগে আক্রান্ত। তিনি অনেক দিন ধরে চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার করছেন। তবে তার রোগের কোন সমাধান হচ্ছে না। সর্বশেষ, চিকিৎসক তাকে এ রোগ থেকে বাঁচতে হলে ট্যানারির কাজ ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সংসারে অভাব থাকায় কাজও ছাড়তে পারছেন না রহিমন।

রহিমন বিডি২৪লাইভকে ফোনে বলেন, ‘পেটের দায়ে কাজ করি। কাজ না করলে খামু কী। আমার ঘরে দুইটা ছোট পোলা আছে, একটা মেয়ে আছে। আর মাইয়ারে পড়াইতেছি। মাইয়া এহন সেভেনে পড়ে।’

‘ফেন্সি লেদার’ নামে একটি ট্যানারি কারখানায় কাজ করতেন রোকেয়া বেগম। ফেন্সি লেদার সাভারে স্থানান্তর হওয়ায় রোকেয়া বেগম এখন হাজারীবাগে গোলাপ মিয়ার ট্যানারিতে কাজ করেন। এখানে শুধু পশুর মাথার চামড়া প্রস্তুতের কাজ করা হয় বলে জানান রোকেয়া বেগম। অনেকদিন ধরেই তিনি হাঁপানি ও চর্ম উভয় রোগে ভুগছেন।

রোকেয়া বেগম বলেন, এখন আর তেমন কাজ করি না। সারোয়ার ভাই (ট্যানারি মালিক) কাজের চাপ বেশি হলে আমায় ডেকে আনেন। হাঁপানির কষ্টে রাতে ঘুমাতে পারি না। যতটা পারি, কাজ থেকে দূরে থাকি। আমার ছেলে রফিকও ট্যানারিতে কাজ করে। সমস্যার জন্য নিয়মিত ওষুধ সেবন করছি।

গত বছরের মাঝামাঝি সময় হাজারীবাগের ট্যানারি শ্রমিকদের ওপর জরিপ চালায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। ১৫ হাজার শ্রমিকের মধ্যে ২৭৬ জনকে বেছে নেওয়া হয় জরিপের জন্য। তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা ও রোগ পরীক্ষার মাধ্যমে জরিপটি সম্পন্ন করা হয়। তাতে জানা যায়, চর্মরোগ ছাড়াও ট্যানারি শ্রমিকরা শ্বাসকষ্ট, ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েডেও ভোগেন উচ্চহারে।

জরিপ দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক উত্তম কুমার রায় বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বুট-গ্লোভসের মতো সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার না করায় ট্যানারি শ্রমিকরা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। এসব সরঞ্জাম ব্যবহার করলে রোগের প্রকোপ কম হতো।