সাতসকালের ঝুম বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী
নিজস্ব প্রতিবেদক : স্বাভাবিক দিনগুলোতেই সকালে কাজের উদ্দেশে বের হলে বেশ বেগ পোহাতে হয় রাজধানীবাসীকে। তার উপর যদি কালো মেঘে অন্ধকার নেমে আসে, বৃষ্টির পানিতে থৈ থৈ করে রাস্তাঘাট; তাহলে তো কথায় নেই! দুর্ভোগ চরমে উঠে।
সোমবার সকাল সোয়া সাতটার দিকে আকাশ ভেঙে নেমে এলো বৃষ্টির ফোয়ারা। এতে চরম দুর্ভোগে পড়েন রাজধানীর কর্মজীবী মানুষেরা। হঠাৎ বৃষ্টির হানায় মূহর্তেই জনজীবন হয়ে উঠলো বিপর্যস্ত। বৃষ্টির কবল থেকে রক্ষা পেতে শুরু হলো ছোটাছুটি।
বৃষ্টিতে শহরের বেশিরভাগ রাস্তাঘাটে হাটু পানি জমে যাওয়ায় গন্তব্যস্থলে পৌঁছাতে অনেকের জুতো-স্যান্ডেল, শার্ট-প্যান্টের বেহাল দশা হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে নারী ও শিশুদের। রাস্তার পাশে বৃষ্টিতে ভিজে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে তাদের।
সোমবার রাজধানীর যাত্রবাড়ী, সায়দাবাদ, মুগদা, কমলাপুর, মতিঝিল, গুলিস্তান, কারওয়ানবাজার এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
অফিসের উদ্দেশে বের হওয়া যাত্রাবাড়ির বাসিন্দা আনিসুর রহমান বলেন, মালিবাগে আমার অফিস। সকাল ৯টায় একটা জরুরী মিটিং আছে। আগেভাগে পৌঁছাতে না পারলে মহাবিপদে পড়ে যাবো। কিন্তু দেখেন যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে না আগামী দুই-এক ঘণ্টার মধ্যে থামবে। বাস,রিকশা কিছু পাচ্ছি না। কি করবো বুঝতে পারছি না।
রাজধানীর মতিঝিলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন আব্দুর রহমান। কথা হলো তার সাথে। তিনি বলেন, ফার্মগেটে মেয়েটার কোচিং। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো সিএনজি পাচ্ছি না। দেখতেইতো পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সামনে যে একটু এগিয়ে দেখবো, সেই উপায়ও নেই।
বৃষ্টিতে একদিকে যানজট অন্যদিকে প্রায় সড়কগুলোতে জমে গেছে পানি। আর এই ফাঁকে ফায়দা নিচ্ছে রাজধানীর সিএনজি ও রিক্সা চালকরা। নির্দিষ্ট গন্তব্যে যেতে হলে ভাড়া দিতে হবে দ্বিগুণ নয়তো মিলবে না সিএনজি কিংবা রিক্সা। তবে ভাড়া বাড়লেও মিলছে না পর্যাপ্ত রিক্সা বা সিএনজি।
এদিকে, রিকশাচালকদের বিরুদ্ধে গলাকাটা ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও তারা জানিয়েছেন ভিন্ন কথা। রিকশাচালকদের ভাষ্য, বৃষ্টির পানিতে ভিজে যাত্রীদের কাছ থেকে কিছু টাকা বেশি পেলেও তা চলে যায় ডাক্তারের পেছনে। বৃষ্টিতে ভিজে একদিন রিকশা চালালে জ্বর-সর্দিসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে এক সপ্তাহ বিছানায় পড়ে থাকতে হয়।











