মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনেও হচ্ছে কোরবানি, জমছে বর্জ্য

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় যত্রতত্র জমে আছে পশুর বর্জ্য। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে শনিবার দুপুর ২টায় মাঠে নেমেছেন দুই সিটি করপোরেশনের ১৭ হাজার পরিচ্ছন্নতা কর্মী।

তবে রোববার বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখনও রয়ে গেছে কোরবানির বর্জ্য। দ্বিতীয় দিনের কোরবানির কারণে আজও জমছে বর্জ্য।

সিটি করপোরেশনের কাউন্সিলদের দাবি, দ্বিতীয় দিনেও বিভিন্ন স্থানে কোরবানি হচ্ছে। অনেকে সন্ধ্যার পর বর্জ্য দিয়েছেন। যে কারণে বর্জ্য অপসারণে একটু সমস্যা হচ্ছে। তবে আজ (রোববার) দুপুর ২টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণে দুই সিটির সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। শনিবার দুপুর ২টায় রাজধানীর ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠের সামনে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন মেয়র সাঈদ খোকন।

রোববার সকালে দক্ষিণ বনশ্রী এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার উপর পড়ে রয়েছে গরুর ভুড়ির বর্জ্য ও জমাট রক্ত। কোরবানির পর থেকে সেগুলো পড়ে থাকলেও তা অপসারণে কারও উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

মেরাদিয়া হাটের পাশ দিয়ে হাঁটার মতো পরিস্থিতি নেই। ইতোমধ্যে দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দক্ষিণ বনশ্রী বনবীথি মার্কেটের সামনের রাস্তায়ও একই অবস্থা। বর্জ্য অপসারণ করা হয়নি। এছাড়া অলিগলিতেও রয়ে গেছে ময়লার স্তূপ।

খিলগাঁও ও দক্ষিণ গোড়ান এলাকায় দেখা যায়, সিটি করপোরেশন কর্তৃক দেয়া পলিব্যাগে ময়লার স্তূপ পড়ে রয়েছে রাস্তায়, ফুটপাতে, গলিতে। এখনও তা অপসারণ করছে পরিচ্ছন্ন কর্মীরা। ওয়ারি এলাকায় ফ্লাইওভার ব্রিজের নিচেও প্রচুর ময়লার স্তূপ পড়ে রয়েছে।

সিটি করপোরেশনের নির্দেশনা তোয়াক্কাই করা হয়নি রাজধানীর অধিকাংশ স্থানে। নির্ধারিত স্থানে কোরবানি না করে ইচ্ছেমতো রাস্তা, অলিগলি, ফুটপাত ও বাসার গ্যারেজে কোরবানি করেছে রাজধানীবাসী।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো, মুগদা, রামপুরা, মালিবাগ, শান্তিবাগ, ওয়ারি, ফার্মগেট, আগারগাঁও, মহাখালী, বাড্ডা এলাকা সরেজমিনে ঘুরে এ রকমই দৃশ্য দেখা যায়। তবে বেশ ক’টি এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের কাজ করতে দেখা যায়।

বাড্ডা এলাকা ঘুরে দেখা যায়, কোরবানির বর্জ্য অপসারণ করা হয়নি। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি না হলেও সেই স্থান ময়লার স্তূপে ছেয়ে গেছে।

দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৫ লাখ কোরবানির পশু থেকে তিন দিনে অতিরিক্ত প্রায় ২৫ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে। এরমধ্যে দক্ষিণে ১৮ হাজার টন এবং উত্তরে ১০ হাজার টন। পশু কোরবানির জন্য ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি।

দক্ষিণ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের কমিশনার ওয়াহিদুল হাসান মিল্টন জাগো নিউজকে বলেন, ঈদের দিন বিকেল ৫টা পর্যন্ত পাওয়া বর্জ্য আমরা অপসারণ করেছি। তবে সন্ধ্যার পর ও আজ সকালে বেশ কিছু বর্জ্য আসার কথা জেনেছি। সেগুলো অপসারণে কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে আমরা বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে পারব।

দক্ষিণ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের(উত্তর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকা) কমিশনার মো. মাকসুদ হোসেন বলেন, মেরাদিয়া এলাকার কোরবানির বর্জ্য অপসারণে আমি নিজে রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে কাজ করেছি। কালকের বর্জ্য মোটামুটি সব অপসারণ করা হয়েছে। তবে আজও বেশ কিছু কোরবানি হচ্ছে। সেসব অপসারণে কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা।

বর্জ্য ব্যবস্থাপনা ও নির্ধারিত স্থানে কোরবানি না হওয়া নিয়ে দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন জানান, নগরবাসীর সহযোগিতায় কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করে ঢাকার মানুষকে একটি বর্জ্যমুক্ত নগরী উপহার দেয়া হবে। উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন থাকায় দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ০৯৬১১০০০৯৯৯ হটলাইন চালু করা হয়েছে। নগরবাসীকে বর্জ্য অপসারণ সংক্রান্ত যেকোনো অভিযোগ বা পরামর্শ দিতে এই নম্বরে কল করতে বলা হয়েছে।

এমডি/মানিক