মোস্তাফিজ পরীমণি সজল ভাবনা ও মারিয়ার প্রিয় খাবার
সুস্বাদু খাবারের উপলক্ষ নিয়ে আসে ঈদ। আর ঈদ মানে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন। সারা বছরের ব্যস্ততায় তারকারাও মুখরোচক খাবার নিয়ে ঈদ উৎসবে মেতে থাকেন। পাঁচজন তারকার পছন্দের খাবার নিয়ে এই আয়োজন।
সজলের পছন্দ গরুর কালা ভুনা
উপকরণ
গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, গরম মশলা পরিমাণমতো, চিলি সস ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচামরিচ ১০টি, লবণ স্বাদ অনুযায়ী, তেল ও পানি রান্নার জন্য।
চাট মশলা তৈরি
এলাচ, দারুচিনি, জয়ত্রী ও জায়ফল সামান্য, শুকনা মরিচ, তেজপাতা, ধনিয়া, জিরা একসাথে তেল ছাড়া প্যানে টেলে নিয়ে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
প্রণালি
প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পরে একটি পাত্রে মাংস ঢেলে দিয়ে তেল, সব ধরনের বাটা মসলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মেখে চুলায় বসিয়ে দিতে হবে। মাংসকে ভালোভাবে ভুনতে হবে। যখন পানি শুকিয়ে আসবে তখন গুঁড়া মশলা, চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে পোড়া পোড়া করে ভুনতে হবে। যেন মাংসটা কালো হয়ে যায়। তখন সামান্য গরম পানি দিয়ে অল্প আঁচে দমে রাখতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। যখন মাংস নরম হয়ে আসবে বা মাংসের উপর তেল ভেসে উঠবে তখন কাঁচামরিচ ও সামান্য জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে।
ভাবনার পছন্দ গরুর চাপ

উপকরণ
গরুর মাংস পাতলা ও লম্বাটে করে কাটা ১০০ গ্রাম, পেঁপে বাটা এক টেবিল চামচ, টকদই এক টেবিল চামচ, হলুদ-মরিচ এক টেবিল চামচ, আদা বাটা এক চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, লেবুর রস এক টেবিল চামচ, ওয়েস্টার সস এক চা চামচ, বেসন সামান্য, তেল ভাজার জন্য ও লবণ পরিমাণমতো।
প্রণালি
প্রথমে গরুর মাংস টুকরা করার সময় লক্ষ্য রাখুন যেন তা পাতলা ও লম্বাটে হয়। এবার একটি বাটিতে গরুর মাংস, পেঁপে বাটা, লবণ, টকদই, হলুদ, মরিচ, আদা বাটা, গরম মশলার গুঁড়া, লেবুর রস, ওয়েস্টার সস একসঙ্গে মিশিয়ে মেরিনেটের জন্য আধা ঘণ্টা রেখে দিন। এবার মেরিনেট করা মাংসগুলো বেসন লাগিয়ে ঠা-া জায়গায় রেখে দিন। চুলায় ননস্টিক ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে মেরিনেট করা গরুর মাংস দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে সাত-আট মিনিট রাখুন। ঢাকনা সরিয়ে গরুর মাংসের টুকরাগুলো উল্টে দিয়ে অপর পিঠ ভাজুন সাত-আট মিনিট। মাংস সিদ্ধ হতে সময় বেশি লাগে। তাই হালকা আঁচে ঢাকনা দিয়ে উল্টেপাল্টে ভাজুন। বাদামি রঙের হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু বিফ চাপ।
মারিয়া নূরের পছন্দ বিফ নাগেট

উপকরণ
হাড় ছাড়া গরুর মাংস (চাংক থেকে পাতলা টুকরো করে কাটা) আধা কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, সয়াসস ৪ টেবিল চামচ, ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, সাদা গোলমরিচ ও লবণ স্বাদমতো।
প্রণালি
গরুর মাংসের টুকরাগুলো আদা বাটা, রসুন বাটা ও সয়াসস দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর হ্যামার দিয়ে এমনভাবে কেচে নিন, যাতে মাংসের টুকরাগুলো একদম পাতলা হয়ে যায়। এবার একটি পাত্রে ময়দার সঙ্গে বেকিং পাউডার, সাদা গোলমরিচ আর পরিমাণমতো লবণ মিশিয়ে নিন। মাংসের টুকরাগুলো এই মিশ্রণে ভালো করে মেখে ডুবো তেলে ভেজে নিন।
মোস্তাফিজের পছন্দ গরু ভুনা
উপকরণ
গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, জায়ফল ও জয়ত্রী আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া সামান্য, দারুচিনি, এলাচ, তেজপাতা ১-২টি, শুকনো মরিচ কাটা ১৫-২০টি, পেঁয়াজ কুচি আধা কাপ, টকদই আধা কাপ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
প্রণালি
টকদই দিয়ে মাংস আধা ঘণ্টা ভালো করে মেরিনেট করে রেখে দিতে হবে। চুলায় তেল গরম হলে মাংস ছেড়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা হলে পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ দিতে হবে। এবার সব মশলা মাংসে দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হলে একটু পানি দিয়ে দমে বসিয়ে রাখতে হবে। মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন কাটা মশলায় বিফ ভুনা।
পরীমনির পছন্দ বিফ মাসালা
উপকরণ
গরুর মাংস ৬০০ গ্রাম কম-বেশি (হাড় ছাড়া নিতে পারেন), পেঁয়াজ কুচি মাঝারি ২টা (আর দুটা পরে ফালি করে লাগবে), এলাচ ২-৩টা (খুলে), রসুন বাটা এক চা চামচ, আদা বাটা ১ চা চামচের কম, লাল মরিচ গুঁড়া এক চা চামচের কম (ঝাল বুঝে), হলুদ গুঁড়া এক চা চামচের কম, জিরা গুঁড়া হাফ চা চামচের কম, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, বাদাম বাটা দেড় চা চামচ, গরম মশলার গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ, চিনি এক চিমটি বা সামান্য বেশি (টুইস্ট, দিলেও চলে না দিলেও নাই!), লবণ পরিমাণমতো দুই ধাপে, তেল হাফ কাপের কম (বা আরো কম, আমি কম তেলেই রান্না করি), পানি পরিমাণমতো, ঝোল থাকবে না তবে মাংস নরম হতে যে পরিমাণ লাগে বা ঝোল রাখতে পারেন, ক্যাপ্সিকাম বড় সাইজের হাফ, টমেটো বড় একটা, পেঁয়াজ মাঝারি দুটা ফালি করে কাটা, কাঁচামরিচ কয়েকটা, লেবুর রস এক চা চামচের সমপরিমাণ বা বেশি-কম।
প্রণালি
হাড় ছাড়া মাংস নিয়ে ভালো করে ধুয়ে নিন। সামান্য (দুই চিমটি) হলুদ, মরিচ গুঁড়া এবং লেবুর রস দিয়ে মাখিয়ে নিন। সামান্য সময় রেখেও দিতে পারেন। কড়াইতে তেল গরম করুন। সেই তেলে মাংস ভেজে নিন। মাঝারি আঁচে আগুন রাখুন। প্রয়োজনে আগুন কমিয়ে ঢাকনা দিয়ে রাখতে পারেন, এতে মাংস নরম হয়ে যাবে। এবার মাংস তুলে রাখুন এবং এই তেলেই মূল রান্না শুরু করুন।
মূল রান্না
তারপর তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন। সাথে লবণ দিয়ে ভাজুন। পেঁয়াজ হলদে হয়ে গেলে এবার একে একে সব মশলা দিন। গরম মশলার গুঁড়াও দিয়ে দিন, এক দুইটা এলাচ আলাদা করেও দিতে পারেন (গরম মশলার মিক্স গুঁড়া না থাকলে আলাদা আলাদা করে দারুচিনি, এলাচ, লং দিতে পারেন), দুই চিমটি চিনি দিতে পারেন। এরপর ভাজুন। এবার এক কাপ পানি দিন এবং ভালো করে কষিয়ে তেল উঠিয়ে নিন। এভাবে মশলা ঝোল প্রস্তুত। এবার মাংসগুলো দিয়ে দিন। আগুন মধ্যম আঁচে রাখুন। কয়েক মিনিট পরে হাফ কাপ পানি দিন। ঢেকে রাখুন, আগুন কম আঁচে। ফাঁকে এই কাজটা করে নিন। ক্যাপ্সিক্যাম, টমেটো, পেঁয়াজ এবং ১-২টা কাঁচামরিচ এভাবে কেটে নিন। রান্না এই পর্যায়ে এসে যাবে। মাংস মজে যাবে। চমৎকার একটা ঘ্রাণ বের হবে। তবে এই পর্যায়ে ফাইনাল লবণ দেখুন, লাগলে দিন, না লাগলে এগিয়ে চলুন। এবার সবজিগুলো দিয়ে দিন। আগুন মধ্যম আঁচে, ভালো করে মিশিয়ে নিন। মাত্র ৪-৫ মিনিট রাখুন। বেশিক্ষণ রাখলে ক্যাপ্সিক্যাম এবং টমেটোর রং নষ্ট হয়ে যাবে।











