মাঝপথেই বন্ধ করে দেয়া হলো মুক্তামনির অস্ত্রোপচার
নিজস্ব প্রতিবেদক : হেমানজিওমা রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুক্তামণির দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরু করেও মাঝপথেই বন্ধ করে দিতে হলো। মঙ্গলবার সকালে রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির ডান হাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরু হয়। তবে অতিরিক্ত জ্বর ওঠায় মাঝপথেই বন্ধ করা হয় অস্ত্রোপচার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এসব তথ্য জানিয়েছেন। এই অপারেশন ঈদের পর আবার করা হবে।
তিনি বলেন, দ্বিতীয় দফায় হাতের অপারেশন করতে মঙ্গলবার সোয়া ৯টায় অপারেশন থিয়েটারে নেয়া হয়। সাড়ে ৯টার দিকে অপারেশন শুরু করা হলে ২০ শতাংশ অপারেশন শেষ হতেই মুক্তামণির শরীরে অতিরিক্ত জ্বর ওঠে। ফলে অপারেশন বন্ধ করা হয়।
ঢামেকের বার্ন ইউনিট সূত্র জানা গেছে, মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে কেবিনে থাকা মুক্তামণির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, একই ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন সুমি এ সময় মুক্তমণির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন
এর আগে, ২৭ জুলাই ভিডিওতে মুক্তামনিকে ও তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেখেন এবং ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড মিটিং করেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা। পরে ই-মেইলে সিঙ্গাপুরের হাসপাতালটি জানিয়েছিল যে, রোগটি ভালো হওয়ার নয় ও সেটি অস্ত্রোপচার করার মতোও নয়।
এ পর্যবেক্ষণ জানার পর বুধবার মুক্তামনির চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সভায় ঝুঁকিপূর্ণ হলেও সব ধরনের সর্তকতা অবলম্বন করে বায়োপসি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সে অনুসারে গত ০৫ আগস্ট সফলভাবে মুক্তামনির বায়োপসি অপারেশন সম্পন্ন হয়। সাতক্ষীরা সদর উপজেলার বাশদাহ গ্রামের দক্ষিণ কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেন ও আসমা খাতুন দম্পতির মেয়ে মুক্তামনি।
এ রোগে তার ডান হাত ফুলে যায়। সাদা রঙের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে সেই ফুলে যাওয়া অংশে। শরীরের অসহ্য ব্যথা ও যন্ত্রণায় মুক্তামনি বসতেও পারে না। এরপর হাতে পচন ধরে। হাতের সঙ্গে বুকের একাংশেও ছড়িয়ে পড়েছে রোগটি। দীর্ঘ নয় বছরেও মুক্তার রোগ ধরতে পারেননি চিকিৎসকরা।











