বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৈরির পর থেকে ড্রেজিং হয়নি কাপ্তাই লেক

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় ১১ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা দক্ষিণ এশিয়ার বৃহত্তর পানির আধার রাঙ্গামাটি-কাপ্তাই লেকটি এখন সমতলের কৃষিখাতকে হুমকির মুখে ফেলেছে। ৫২ বছর আগে বাঁধ দিয়ে তৈরি করা লেকটিতে প্রতিদিন পড়ছে হাজার হাজার টন পাহাড়ি মাটি ও বিভিন্ন ধরনের বর্জ্য। লেকের উপরিভাগ থেকে অব্যাহতভাবে নেমে আসা এসব বর্জ্যের কারণে লেকের গভীরতা উদ্বেগজনক হারে কমে গিয়ে স্বাভাবিক পানির ধারণক্ষমতা হারিয়ে ফেলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে লেকের গভীরতা কমিয়ে যাওয়ায় বাঁধের নিরাপত্তায় প্রতিবছর বর্ষার মৌসুমে দফায় দফায় পানি ছাড়তে হচ্ছে।

কর্ণফুলী ও হালদা নদীর তীরবর্তী উপজেলার লোকজন বলেছেন, প্রতি বছর কাপ্তাই লেকের পানির চাপে সমতলের কৃষিখাত এখন হুমকির মধ্যে পড়েছে। কর্ণফুলী ও হালদা নদী হয়ে আসা এই পানিতে তলিয়ে দিচ্ছে হাজার হাজার একর কৃষিজমি। দফায় দফায় অনাকাঙ্ক্ষিত পানির চাপে জমিতে আমন চাষাবাদ ব্যাহত হচ্ছে। স্রোতে ধসে যাচ্ছে এখনকার বহু রাস্তাঘাট।

জানা যায়, এ কৃত্রিম লেক তৈরির পর থেকে, কোনো সময় ড্রেজিং করা হয়নি। যুগে যুগে পলি পড়া অব্যাহত থাকায় লেকটি পানি ধারণক্ষমতা হারিয়েছে। স্থানীয়রা বলেছেন বর্ষার মৌসুমে স্বাভাবিক বৃষ্টিতেও লেকটি টইটুম্বুর হয়ে পড়ে। অবস্থা বুঝে কর্তৃপক্ষ বাঁধের সুরক্ষায় বিভিন্ন সময় ১৬টি স্পিলওয়ে দিয়ে পূর্ণমাত্রায় পানি ছেড়ে দিতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে পানির চাপে পড়ে কর্ণফুলী ও হালদার তীরবর্তী উপজেলাসমূহের মানুষ। বর্ষার প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট পানির সাথে কাপ্তাই লেকের পানি যোগ হয়ে ব্যাপক হারে ক্ষতি শিকার হতে হয় রাঙ্গুনিয়া, রাউজান, বোয়ালখালী, হাটহাজারী এলাকার কৃষিজীবীরা।

সূত্র মতে মৌসুমী বর্ষার পানির সাথে কাপ্তাই থেকে নেমে যাওয়া পানি যোগ হলে সমতলের কৃষি জমিতে দীর্ঘ সময় ধরে কোমর পানিতে তলিয়ে থাকে। এই অবস্থার মধ্যে শত শত কৃষকদের বীজতলা নষ্ট হয়ে যায়। চাষাবাদের উপযুক্ত সময়ে জমি থেকে পানি না নামার কারণে আমন চাষাবাদে যেতে পারে না। কৃষিজীবীদের মতে এই সমস্যায় পড়ে প্রতিবছর এসব উপজেলায় কয়েক হাজার হেক্টর কৃষি জমিতে আমন চাষাবাদ করা যায় না।

 

সংশ্লিষ্ট সূত্রসমূহের মতে পার্বত্য জেলার পাহাড়ের মধ্যেকার সমতল ভূমি এবং উপত্যকা ভরাট করে পানি সংরক্ষণের জন্য সৃষ্টি করা হয়েছিল এই লেক। রাঙ্গামাটি-কাপ্তাই এই লেকটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম পানির আধার হিসাবে বিবেচনা করা হয়। যার উপরিভাগে রয়েছে উঁচু ও মাঝারি ধরনের অসংখ্য পাহাড়।

ওই এলাকার জনসাধারণের মতে মিঠা পানির এই লেকের উঁচু অংশের বেশির ভাগ পাহাড় এখন বৃক্ষশূন্য। নেড়া হয়ে পড়া পাহাড়গুলোতে এখন আধিবাসীরা করছে ঝুম চাষ। অপর দিকে পাহাড়ি এলাকায় দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেকেই পাহাড় টিলা কেটে গড়ে নতুন নতুন বাড়িঘর দোকান মার্কেটসহ ক্ষেত খামার করছে। এই অবস্থার মধ্যে লেকে প্রতিদিন এসে পড়ছে হাজার হাজার টন মাটি ও বিভিন্ন ধরনের বর্জ্য। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার সফি উদ্দিন বলেছেন বাঁধের ঝুকি কমাতে বর্ষায় সৃষ্ট অতিরিক্ত পানি ছেড়ে দিতে হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে ১৯৫৬ সালে পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। নির্মাণ হয় ১৯৬২ সালে। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট নামের দুটি প্রতিষ্ঠান ৬৭০.৬ মিটার দীর্ঘ ও ৫৪.৭ মিটার উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে। এই বাঁধের পূর্বাংশে ১৬টি স্পিলওয়ে (পানি নির্গমন পথ) সংযুক্ত রয়েছে। এ স্পিলওয়ে হয়ে প্রতি সেকেন্ডে পাঁচ লাখ ২৫ হাজার কিউসেক পানি নামতে পারে কর্ণফুলী নদীতে। ১৯৬০ সালে লেকের পানিকে কাজে লাগিয়ে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে পানি বিদ্যুৎ প্রকল্প। প্রথম দিকে দুটি বিদ্যুৎ উদপাদন ইউনিট করা হলেও পরবর্তীতে ইউনিট সংখ্যা বাড়িয়ে করা হয় পাঁচটি। যা থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়।

সূত্র মতে, কাপ্তাই বাঁধ নির্মাণ করার সময় ওই এলাকার ৫৪ হাজার একর কৃষি জমি ও সংরক্ষিত ২৯ বর্গমাইল বনাঞ্চলসহ ২৩৪ বর্গমাইল এলাকা পানির নিচে চলে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজার হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর