সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনকলেই মিলবে শাকিব-সমস্যার সমাধান?

news-image

বিনোদন প্রতিবেদক : একটা ফোনকলেই নাকি শাকিব খান-চলচ্চিত্র পরিবারের মধ্যকার দ্বন্দ্ব নিরসন সম্ভব! কিন্তু ফোনকলটি করবে কে?

রিয়াল মাদ্রিদ-বার্সার মতোই উত্তাপ ছড়াচ্ছে শাকিব খান-চলচ্চিত্র পরিবারের দ্বৈরথ। খেলার নব্বই মিনিট ছাড়িয়েছে অনেক আগেই। অতিরিক্ত টাইমে কেউই কাউকে ছাড় দিচ্ছে না। একপক্ষের দাবি, ওরাই খেলাটা শেষ করুক। অন্যপক্ষ বলছে, আমরা কেন?

কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রির শুভাকাঙ্খীরা প্রাণপনে চাইছেন, খেলাটা বন্ধ হোক। এমনকি শাকিব খান কিংবা চলচ্চিত্র পরিবারও নাকি এর ‘হ্যাপি এন্ডিং’ চান। কিন্তু হচ্ছে না কেন?

কারণ দু’পক্ষই একে অপরের দিকে মুখ চেয়ে বসে আছেন। ভাবছেন, বিপরীত পক্ষই আগে এগিয়ে আসবে। কিন্তু দিনশেষে পিছিয়ে পড়ে সমাধানের চাকা।

বিষয়টি নিয়ে বরাবরই রেফারির ভূমিকায় ছিলেন নায়করাজপুত্র ও অভিনেতা বাপ্পারাজ। বারবার দু’পক্ষের সঙ্গে কথা বলেছেন।

নায়করাজের দাফনের দিন শাকিব-জায়েদ খান একসঙ্গে নায়করাজের খাটিয়া বহন করেছিলেন। দাফন শেষে বাপ্পারাজ দু’জনকেই বলেছেন, ‘বিভেদ ভুলে দু’জন কোলাকুলি করো।’

কোলাকুলিও করেছেন দু’জনেই। তারপরই সিনেমাপ্রেমীরা ভেবেছিলেন, গলার কাঁটাটা বুঝি এবার বেরিয়েই গেল। কিন্তু একদিন পরই যেই লাউ সেই কদু!

বাপ্পারাজ বললেন, “বাসায় ফিরে শুনলাম, আবারো নাকি দশ বারো জনকে ব্যান করেছে শিল্পী সমিতি।”

শনিবার (২৬ অগাস্ট) এফডিসিতে নায়করাজের শোকসভায় বিষয়টি নিয়ে বাপ্পারাজ বললেন, “অনেকেই বলেন, শাকিব খান বেয়াদব। কিন্তু সুচন্দা আন্টি, ফারুক আংকেল কিংবা আলমগীর আংকেল যদি শাকিবকে ফোন করে বলেন, তুমি এফডিসিতে আসো, কথা বলবো। এটা অমান্য করার ক্ষমতা শাকিবের বাপেরও নেই। এটার জন্য বাড়িতে উকিল নোটিস পাঠানোর জন্য দরকার পড়ে না। পুলিশ পাঠানোর দরকার হয় না।”

বেশ ক’বারের চেষ্টাতেও বিষয়টির কোনো সুরাহা করতে না পেরে বুকভরা অভিমান নিয়ে বাপ্পারাজ বলেই ফেললেন, “আমার বাবা চলে গেছে। তার সম্মানে আজকে থেকে ‘ব্যান’ খেলাটা বন্ধ করে দেই। ফিল্মে আমি আর আসবো না, যদি শুনি ব্যানগুলো তুলে নেয়া হয়নি।”

বাপ্পারাজের বক্তব্যের প্রতিক্রিয়ায় চলচ্চিত্রশিল্পী সমিতি সভাপতি মিশা সওদাগর প্রশ্ন তুললেন, “শাকিবকে কেন সিনিয়র শিল্পীরা ফোন করবে? শাকিব খান সিনিয়র শিল্পীদের ফোন দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়।”

মিশা বললেন, “আলমগীর ভাই ওকে (শাকিব খান) ফোন করেছিল। শাকিব কি সিনিয়র আর্টিস্টদের ফোন করতে পারে না? বড়রা কেন ছোটদের কাছে ছোট হবে। ছোটরা বড়দের কাছে ছোট হলে ছোটদের সম্মান যায় না।”

অভিনেতা সোহেল রানাও আশা করছেন, শাকিব খানই সিনিয়রদের কাছে ক্ষমা চাইবে।

গ্লিটজকে বললেন, “মানুষ ভুল করলে ভুল শোধরানো ও ভুলের ক্ষমা চাইলে তার মহত্বটাই প্রকাশ পায়। তাতে ছোট হওয়ার কিছু নেই। আমি যদি বাবার সঙ্গে অন্যায় করি। আর বাবাকে যদি বলি, বাবা আমাকে মাফ করে দাও। বাবা তখন খুশি হবে। কিছু কিছু জায়গায় দেখেছি তুমি বলেছ, ‘স্টুপিড’। এটা ভদ্রতা তো নয়, বিনয় তো নয়ই, কোনো ভালো শব্দের মধ্যে পড়ে না।তুমি নিজেই চিন্তা করে দেখ।”

কিন্তু শাকিব খান বরাবরই বলে এসেছেন, সিনিয়রদের অসম্মান করে কোনো কথা বলেননি তিনি। সে হিসেবে চলচ্চিত্র পরিবারকে ফোন দিয়ে ‘স্যরি’ বলার কোনো কারণ দেখছেন না শাকিব। তবে তিনিও চাইছেন, চলচ্চিত্র পরিবার আগ্রহী হলেই বিষয়টির মিটমাট সম্ভব।

দিনশেষে একটি ফোনকলই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফোনকলেই আটকে আছে পুরো ইন্ডাস্ট্রি। কিন্তু কেউই উদ্যোগী হয়ে ফোনটা তুলছেন না।

প্রসঙ্গত, ১৭ জুলাই শাকিব খানকে বয়কট করে চলচ্চিত্র পরিবার। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিব খান অভিনীত ‘নতুন এবং পুরাতন’ কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের কোনো সদস্য অংশগ্রহণ করবে না।এখনো অবধি শাকিব খানের উপর ‘বয়কট’ বহাল রয়েছে ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা