,

নেইমার ‘আরও প্রাণবন্ত’

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা থেকে পিএসজিতে আসতে একটু সময় লেগেছে। দলবদলের সনদ পাওয়ার জটিলতায় দেরি হয়েছে অভিষেকেও। সব ঝামেলা কাটিয়ে মাঠে নামার পর দর্শকমন জিততে কিন্তু একদমই সময় নেননি নেইমার। গোল করেছেন, সতীর্থ এডিনসন কাভানিকে দিয়ে করিয়েছেন গোল। প্যারিস সেন্ট-জার্মেইয়ের জার্সিতে নিজের প্রথম ম্যাচটিকে স্মরণীয়ই করে রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গেঁগাঁর বিপক্ষে দলকে জিতিয়ে এনেছেন ৩-০ গোলে।

গেঁগাঁর মাঠ রুদুরুর দর্শক ধারণক্ষমতা ১৮ হাজারের সামান্য বেশি। একটি টিকিটও অবিক্রীত থাকেনি। পিএসজির হয়ে নেইমারের অভিষেক ম্যাচ বলে কথা! রুদুরুতে রেকর্ড ১৮ হাজার ৩৭৮ দর্শক খেলা দেখতে গিয়েছিল পরশু। যেটা গেঁগাঁ শহরের জনসংখ্যার প্রায় তিন গুণ। দর্শকসারিতে ছিলেন নেইমারের বাবাও। অসাধারণ ফুটবল উপহার দিয়ে নেইমার সবার মন ভরিয়ে দিয়েছেন।

সতীর্থ দানি আলভেজ তো এমনও বলেছেন নেইমার তাঁর ২১০৬ কোটি টাকার মূল্য বুঝিয়েছেন, ‘পিএসজি কেন ওকে দলে চেয়েছে সেটা দেখিয়েছে নেইমার। এই ম্যাচে ওকে ঘিরে সবার অনেক প্রত্যাশা ছিল। নেইমার অসাধারণ খেলেছে। শুধু নামের ভারে একজন খেলোয়াড় পার্থক্য গড়ে দিতে পারে না। তাঁকে পরিশ্রম করতে হয় আর মাঠে খেলতেও হয়। এখানেই অন্যদের সঙ্গে নেইমারের পার্থক্য।’

বল পায়ে কারিকুরিতে শুরু থেকেই সমর্থকদের মুগ্ধ করতে থাকেন নেইমার। ৩৫ মিনিটে তাঁর মাপা ক্রস খুঁজে পায় মারকিনহোসের মাথা। কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হেড ফিরে আসে ক্রসবারে লেগে। ৫২ মিনিটে পিএসজি এগিয়ে যায় অবশ্য আত্মঘাতী গোলে। গোলরক্ষক কার্ল-ইয়োহান জনসনের শিশুসুলভ ভুলে প্রথম গোল খায় গেঁগাঁ। জর্ডান ইকোকোর ব্যাক পাস জনসনের সামনে দিয়ে ঢুকে যায় জালে। তবে আরেক সতীর্থের পা ঘুরে বলটি ইকোকোর কাছে যাওয়ার আগে তাতে শেষ ছোঁয়া দিয়েছিলেন নেইমার। ১০ মিনিট পর নেইমারের অসাধারণ এক থ্রু পাস থেকে গোল করেন কাভানি। ৮২ মিনিটে কাভানির পাসে ডান পায়ের হালকা টোকায় জালে জড়ান নেইমার।

শুধু গোল করানো আর করার বিষয়ই নয়, গেঁগাঁর বিপক্ষে পিএসজির নিউক্লিয়াস ছিলেন নেইমার। খেলা শুরু করেছিলেন আক্রমণভাগের বাঁ প্রান্তে। তবে সময় যত গড়িয়েছে নেইমার তাঁর পরিধি বড় করেছেন। কখনো খেলেছেন ডান প্রান্তে, কখনো মাঝখানে। কখনো আবার খেলা তৈরি করতে নিজেদের সীমানায়ও নেমে এসেছেন। আক্রমণের অন্য দুই সঙ্গী কাভানি ও অ্যাঙ্গেল ডি মারিয়ার সঙ্গে বোঝাপড়াটাও ছিল দারুণ। দেখে মনেই হয়নি এই দুজনের সঙ্গে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। সামনে এই বোঝাপড়াটা আরও বাড়বে বলেই জানিয়েছেন সদ্য সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড, ‘আমি জানি কাভানি অসাধারণ একজন খেলোয়াড়। এত দিন তাকে দূর থেকে দেখেছি। এখন তার সঙ্গে খেলছি। আমরা একে অন্যকে আরও ভালোভাবে জানার চেষ্টা করছি।’

ম্যাচসেরা নেইমার নিজের অর্জনের চেয়ে দলের সাফল্যকেই রাখছেন এগিয়ে, ‘ম্যান অব দ্য ম্যাচের ট্রফি পেয়ে খুব খুশি আমি। তবে জয় পাওয়াটাই ছিল আসল।’ প্রথম ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স। নেইমার নিজেই যা বলেছেন, তাতে তো পিএসজি ক্রমশই আরও আলোকিত হবে,‘ লোকে ভেবেছিল বার্সেলোনা ছেড়ে যাওয়াটা আমার জন্য মৃত্যু, কিন্তু না, ব্যাপারটা পুরো উল্টো, আমি আগের চেয়েও বেশি প্রাণবন্ত।’ সূত্র: এএফপি, রয়টার্স।

প্রথম গোল

১ ফ্রেঞ্চ লিগে অভিষেক ম্যাচেই গোল পেলেন নেইমার।

৬ম্যাচ পর গোলের দেখা পেয়েছিলেন স্প্যানিশ লিগে।

৭ ম্যাচ পর গোল পেয়েছিলেন ব্রাজিলিয়ান লিগে।

২০১০ সালে নেনের পর ফরাসি লিগে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে অভিষেকে গোল করলেন নেইমার। সেঁত এতিয়েনের বিপক্ষে নেনে গোলটি করেছিলেন পিএসজির জার্সি গায়েই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে