চট্টগ্রামে বৃষ্টির পানি ঢুকে শত কোটি টাকার পণ্য নষ্ট
চট্টগ্রাম প্রতিনিধি : গত তিন দিনের টানা বৃষ্টির পানি ঢুকে শত কোটি টাকার ভোগ্যপণ্য নষ্ট হয়েছে দেশের প্রধান ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই -খাতুনগঞ্জে। পানিতে তলিয়ে গেছে শতাধিক খাদ্যপণ্যের গুদাম। বাজারের প্রায় ৯০ শতাংশ দোকান ও আড়তে পানি ঢুকেছে। এতে পাইকারি বাজারের চাল, ডাল, শুকনো পণ্য, মসলা, কাঁচা পণ্য (পেঁয়াজ, রসুন, আদা), গম, আটা, ময়দা ও চিনিসহ বেশিরভাগ দোকান ও গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার সরেজমিন ঘুরতে গেলে দেখা যায়, চাকতাই-রাজাখালী-খাতুনগঞ্জ এলাকার বিভিন্ন গুদাম, ফ্যাক্টরি ও পাইকারি দোকানে সারি করে রাখা পেঁয়াজ-রসুন ও আদার বস্তার প্রতিটি স্তূপের নিচের দু-তিনশ’ বস্তা পানিতে ভিজে গেছে। চাকতাই এলাকার মধ্যম চাকতাই, নতুন চাকতাই, চর চাকতাই, পুরাতন চাকতাই, মকবুল সওদাগর রোড, আসাদগঞ্জের প্রতিটি সড়ক পানিতে ডুবে ছিল। এসব এলাকায় সারি সারি পাইকারি দোকান ও গুদাম রয়েছে।
খাতুনগঞ্জের হামিদুলাহ মার্কেট, চান্দমিয়া গলি, ইলিয়াছ, বাদশা, সোনা মিয়া, নবী ও মালা মার্কেট, চাকতাই মসজিদ গলি, ড্রামপট্টি, চালপট্টি ও এজাজ মার্কেটসহ বেশিরভাগ মার্কেটেই পানি ঢুকে পড়ে। এসব এলাকার চালপট্টিতে কয়েকশ’ চালের দোকানে পানি উঠে চাল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জের ব্যাংক এশিয়ার সামনের সড়কটির দু’পাশের ডালের দোকানগুলোয় দু-তিন ফুট পরিমাণ পানি ছিল। এর মধ্যে মেসার্স তৈয়বিয়া ট্রেডার্স, পায়েল ট্রেডার্স, বিএম ট্রেডার্স ও হক ট্রেডিংয়ের প্রতিটি গুদামে থাকা ডালের স্তূপ পানিতে ভিজে গেছে।
তৈয়বিয়া ট্রেডার্সের ম্যানেজার ডিপু জানান, জোয়ারের পানিতে কয়েকশ’ ডালের বস্তায় পানি ঢুকেছে। এতে তার ১৫-২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীদেও সাথে কথা বলে জানা যায়, একানব্বইয়ের ঘূর্ণিঝড়ের পর চাক্তাই-খাতুনগঞ্জে এবার এ রকম পানি হয়েছে। চাক্তাই-খাতুনগঞ্জে ছোট-বড় মিলে নয় হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এতে দৈনিক ১২-১৫ হাজার কোটি টাকার লেনদেন হয়। জোয়ারের পানিতে প্রায় দোকান, মিল কারখানা ও গুদাম পানিতে ডুবে যায়। রাস্তাঘাটও পানিতে ডুবে থাকায় মালামাল সরিয়ে নেয়া যায়নি। এছাড়াও বন্ধের দিন থাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মিল, গুদাম বন্ধ ছিল। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণও বেড়ে যায়।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ বলেন, খাতুনগঞ্জে চার সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এতে দৈনিক ৯-১০ হাজার কোটি টাকার লেনদেন হয়। পানিতে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৭ বছর ধরে আমরা সরকারের কাছে এ পানির জন্য আন্দোলন-সংগ্রাম ও আবেদন-নিবেদন করে আসছি, কোনো সরকার আমাদের কথা শুনেনি। চাক্তাই, রাজাখালী খালের মোহনায় স্লুইস গেট নির্মাণ ও শাখা খালগুলো গভীরভাবে খননের দাবি করে আসছি। কেউ আমাদের দাবির প্রতি কর্ণপাত করেননি।
খাতুনগঞ্জ- চাকতাই আড়তদার সমিতরি সভাপতি ও তৈয়বিয়া ট্রেডাসের পরিচালক সোলেমান বাদশা বলেন, ‘এ এলাকা ধ্বংস হলে বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। সাত দফা দাবি দিয়েছিলাম আমরা। এ অনুযায়ী যদি কাজ করত তাহলে এ শহর জলাবদ্ধতা থেকে অনেকাংশে বাঁচত।’ নব্বই ভাগ ব্যবসা প্রতিষ্টানে পানি ঢুকেছে। চাক্তাই খাতুনগঞ্জ ব্যবসা প্রতিষ্টানে ডুবে যাওয়ার কারণে কোটি টাকা পণ্য ক্ষতি হয়েছে।
তিনি বলেন, ঐতিহ্যবাহি চাক্তাই খাতুনগঞ্জ পাইকারি বাজারকে পানি থেকে রক্ষা করতে হলে রাজনীতিবীদের এক হতে হবে। সেই সাথে ভোক্তভোগী , জলবায়ু ও নদী বিশেষজ্ঞদের সাথে নিয়ে ১৯৯৫ সালের মাষ্টার প্লান অনূযায়ী পরিকল্পনা করতে হবে। তাহলে পানি থেকে রক্ষা পাবে বানিজ্য নগরী চট্টগ্রাম।
চাক্তাই খাতুনগঞ্জ ছাড়াও চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, গত তিন দিনের জোয়ারে চট্টগ্রাম মহানগরীর বেশির ভাগ নীচু এলাকা প্লাবিত হয়। নিচু এলাকাগুলো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। বাসা-বাড়ি পানিতে একাকার। নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, সিএন্ডবি কলোনি, হালিশহর, পতেঙ্গা, মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, আনন্দবাজার, নয়াবাজার, বড়পোল, ছোট পোল, দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফরহাদবেগ, বাকলিয়ার ডিসি রোড, বগার বিল, শান্তিনগর, বৌ বাজার, মাস্টার পোল, বলুয়ার দীঘির পূর্ব ও পশ্চিম পাড়, মিয়াখান নগর, ইসহাকের পোল, চর চাক্তাই, খাতুনগঞ্জ, পাথরঘাটা, কাপাসগোলাসহ নগরীর বিশাল এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে।











