সু চির আমলে রোহিঙ্গা ইস্যু কোন পথে?
নিজস্ব প্রতিবেদক : অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমার সরকার জানিয়েছে, তারা রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়নের ঘটনা তদন্তে জাতিসংঘ মিশনকে ভিসা দেবে না। অথচ দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
সম্প্রতি মিয়ানমারের পররাষ্ট্র সচিব কেয়াও জেয়া সংসদকে বলেছেন, জাতিসংঘ কাউকে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনে মিয়ানমারে পাঠাতে চাইলেও তাদেরকে আসার অনুমতি দেয়া হবে না। বিশ্বজুড়ে আমাদের সকল কূটনৈতিক মিশনকে এই ধরনের নির্দেশনা দেয়া আছে।
জাতিসংঘ গত মার্চে এই তদন্তের উদ্যোগ নেয়ার পরই মিয়ানমার সরকার বলেছিল যে, তারা জাতিসংঘের এই উদ্যোগকে সহায়তা করবে না। এমনকি আন্তর্জাতিক তদন্তের এই উদ্যোগের বিরুদ্ধে সরব হয়েছেন নোবেলজয়ী অং সান সু চি নিজেও। তিনি দাবি করেছেন, জাতিসংঘের এই উদ্যোগ নাকি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়িয়ে দিতে পারে।
অথচ রূঢ বাস্তবতা হলো, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপরই শত বছর ধরে জাতিগত নিপীড়ন চলে আসছে এবং সেসবের বিস্তর প্রমাণও রয়েছে। দশকের পর দশক ধরে সেখানকার সরকার রোহিঙ্গাদেরকে ”বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী” আখ্যা দিয়ে তাদেরকে ”রাষ্ট্রহীন জনগোষ্ঠী”তে পরিণত করার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত। এই নিপীড়নে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা যেমন জড়িত, তেমনি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এতে সমানে অংশ নিচ্ছে বলে ব্যাপক প্রমাণ রয়েছে।
মিয়ানমার এখন অবশ্য বলছে, তারাই নাকি এ ঘটনার ”তদন্ত” করবে। সেখানে ”অন্যায় কিছু ঘটে থাকলে” সে জন্য তাদের তদন্তই নাকি যথেষ্ট।
স্পষ্ট যে, রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার জন্য শত বছর ধরে চলে আসা নির্যাতন-নিপীড়নের মধ্যেও ”অন্যায় কিছু” এখনো দেখতেই পায়নি মিয়ানমার নামের ”সুসভ্য” দেশটির কর্তা-কর্ত্রীরা, যাদের মধ্যে আছেন শান্তিতে নোবেলবিজয়ী এক নেত্রীও। অথচ রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতে মানবতাবিরোধী অপরাধ হয়েছে বলে গত ফেব্রুয়ারিতে দেয়া এক প্রতিবেদনে উঠে আসে। যার মধ্যে রয়েছে গণহত্যা এবং গণধর্ষণের মতো ঘটনাও।
সারা বিশ্ব জানে, মিয়ানমারে রোহিঙ্গারা বর্তমানে প্রায় বন্দিজীবন কাটাচ্ছে। তাঁরা ঠিকমতো চলাফেরা এবং জীবিকা নির্বাহও করতে পারেন না। কারণ তাঁদের কাছে পরিচয়পত্র নেই। এ কারণে দিনে দিনে সেখানে তাদের অবস্থা আরো খারাপ হচ্ছে৷
ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই রোহিঙ্গাদের উপর বার্মিজ সরকার চেপে বসেছিল। তবে তখন নিপীড়ন থাকলেও অনেক অধিকারও ভোগ করতো রোহিঙ্গারা।
১৯৭৮ সালে সরকারি বাহিনীর অভিযানে লাখ লাখ রোহিঙ্গা উদ্বাস্তু হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে, এদের প্রত্যাবর্তনের বিষয়ে আন্তর্জাতিক মহলে কথা বলা শুরু হয়। তখন মিয়ানমার সরকার ভেতরে ভেতরে নতুন নাগরিক আইন তৈরিতে হাত দেয়, যা ১৯৮২ সালে পাস হয়। সেই আইনের মাধ্যমেই কেড়ে নেয়া হয় এই জনগোষ্ঠীর নাগরিকত্ব। সেখানে বলা হয়, ১৮২৩ সালের পূর্বে যাঁরা মিয়ানমারে বসতি স্থাপন করেছে, কেবল তাঁরাই সেখানকার নাগরিক হবে। অর্থাৎ নাগরিক হিসাবে যে নৃ-তাত্ত্বিক গোষ্ঠীগুলোর নাম রয়েছে, সেখানে রোহিঙ্গাদের নাম নেই৷
কোন গোষ্ঠী নাগরিকত্ব পাবে – তা নির্ধারণের এখতিয়ার দেয়া হয় এই আইনের অধীনে গঠিত কাউন্সিলকে।
সামরিক সরকারের আমলে জাতিগত নিপীড়নের শিকার এই গোষ্ঠী গণতান্ত্রিক আমলে কিছুটা ভালো অবস্থায় থাকবে – এমন আশা অনেকেই করেছিলেন। সু চির দল ক্ষমতার আসার পর সেই আশাও মিইয়ে যেতে থাকে। এ বছরের প্রথম দিকে দেশটির অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী এবং সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির অন্যতম উপদেষ্টা ইউ কো কি-কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি সংবিধান সংশোধনের বিষয়ে কাজ করছিলেন৷
কো কি ছিলেন একজন মুসলিম এবং তিনি ”রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল” ছিলেন বলে মনে করা হতো। তাঁর মৃত্যুর ফলে রোহিঙ্গাদের পক্ষে কোনো সিদ্ধান্ত আসা আরো কঠিন হয়ে গেল বলে অনেকেই মনে করছেন। সূত্র : ডয়চে ভেলে











