চট্টলার দুঃখ মহেশখালের বাঁধ থাকছে না
নিজস্ব প্রতিবেদক : অবশেষে বন্দরনগরী চট্টগ্রামের দুঃখ হিসেবে চিহ্নিত বহুল বিতর্কিত মহেশখালের বাঁধটি অপসারণের সিদ্ধান্ত হয়েছে। বন্দর স্টেডিয়ামের পাশে মহেশখালের উপর ২০১৫ সালের সেপ্টেম্বরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ সন্নিহিত অঞ্চলকে জোয়ারের পানি থেকে রক্ষার লক্ষ্যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল। বন্দর তহবিল থেকে বাঁধ নির্মাণে ব্যয় করা হয়েছিল দেড় কোটিরও বেশি টাকা। কিন্তু দিনে দিনে বাঁধটি উজান এবং ভাটি দুদিকের মানুষেরই নজিরবিহীন ভোগান্তির কারণ হয়ে উঠে।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ত্রিপক্ষীয় বৈঠকে বাঁধটি অপসারণের সিদ্ধান্ত হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের পর আগামী কয়েকদিনের মধ্যে বাঁধটি অপসারণ করা হবে। এদিকে অনুমতি পেলে দ্রুততম সময়ের মধ্যে বাঁধটি সরিয়ে নিতে স্থানীয় জনগণ প্রস্তুত রয়েছে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন।
ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টানা বর্ষণ হয় নগরীতে। ভারী বর্ষণে নগরীর আগ্রাবাদসহ সন্নিহিত অঞ্চল পুরোটাই তলিয়ে যায়। রাস্তার উপর দিয়ে নৌকা চলে। পুরো ভোগান্তির জন্য মহেশখালের উপর বন্দর কর্তৃপক্ষের নির্মিত বাঁধকে দায়ী করা হয়।
বাঁধের নিচের দিকের হাজার হাজার মানুষ বাঁধ ভেঙ্গে দেয়ার জন্য মাঠে নামে। তারা নিজেরাও আন্দোলন সংগ্রাম করে বাঁধ ভেঙ্গে দেয়ার চেষ্টা করেছিলেন বছর খানেক আগে।
সিটি মেয়র আজম নাছির বলেন, মহেশখালের উপর বন্দর কর্তৃপক্ষ একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করেছিল। এক বছর একটি অংশের মানুষ সুফল পেয়েছে। আরেকটি অংশের মানুষ মনে করেন বাঁধের কারণে দুর্ভোগ বেড়েছে। অতিবর্ষণে দুদিকের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। এলাকা প্রায় ১৮-২০ ঘণ্টা পানির নিচে ছিল। যা ইতিপূর্বে হয়নি। স্থায়ী সমাধানের জন্য বাঁধের আশপাশের কাউন্সিলর, পানি উন্নয়ন বোর্ড ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সভা করে আমরা বাঁধটি দ্রুত অপসারণের সিদ্ধান্তে উপনীত হয়েছি। বন্দর কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে বাঁধটি দ্রুত অপসারণ করবে।
সিটি মেয়র বলেন, অস্থায়ী বাঁধ অপসারণের পর জোয়ারের পানি ঠেকানোর জন্য আপদকালীন কোনো ব্যবস্থা নেয়া হবে না। স্থায়ী স্লুইসগেট না হওয়া পর্যন্ত যদি জোয়ারের পানি উঠে, তখন অল্প সময়ের জন্য নগরবাসীকে কষ্ট করতে হবে। তবে মহেশখালের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খনন করবো, কাজটা চলমান থাকবে। মেয়র জানান, পোর্ট কানেকটিং ও এক্সেস রোডের টেন্ডার হয়ে গেছে। রাস্তা উঁচু করা হবে, ড্রেন নির্মাণ করা হবে, লাইটিং, বিউটিফিকেশন আছে।











