এত অস্ত্র দিয়ে কি করবে সৌদি আরব
সৌদি আরব মুসলমানদের হৃদয়ে এক ধরনের ধর্মীয় আবেগ ও অনুভূতি এবং শ্রদ্ধা মিশ্রিত একটি দেশের নাম। ইসলামের ্অন্যতম ফরজ হজ আদায়ের জন্যে প্রতিবছর লাখ লাখ মুসলমান দেশটিতে যান। ইসলাম অর্থ শান্তি এবং এ শান্তির নিদর্শন সামাজিকভাবে আমাদের জীবনে বহমান থাকার আকাঙ্খায় সৌদি আরবের অনেক উদাহরণ আমরা প্রাত্যাহিক জীবনে টেনে থাকি অথবা অনুসরণ করতেও অভ্যস্ত। দেশটিতে ইসলামী আইন থাকার কারণে অপরাধ প্রবণতা কম বলেই আমাদের অনেকের ধারণা। সেই সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩৮ হাজার কোটি টাকার চুক্তি করেছে যার মধ্যে ১১ হাজার কোটি টাকা অস্ত্র ক্রয়ের জন্যে। হোয়াইট হাউজ বলছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো দেশের সঙ্গে এত বড় অস্ত্র ক্রয়ের চুক্তি এই প্রথম। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে সৌদি আরব এত অস্ত্র কিনে কি করবে?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে এ প্রশ্নের আংশিক উত্তর দিয়েছেন। বলেছেন, এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে সৌদিরা তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, ইরানের হুমকি মোকাবেলা করতে পারে। ইরানকে টিলারসন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রত্যাহারের কথাও বলেছেন। টিলারসন এও বলেছেন, প্রতিরক্ষা সরঞ্জাম এবং অন্যান্য সহযোগিতা সৌদি আরব এবং পুরো উপসাগরীয় অঞ্চলকে নিরাপত্তা দেবে।
তাহলে বোঝা যাচ্ছে আগামীতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্ত্রের প্রতিযোগিতা আরো তীব্র আকার ধারণ করবে। এমনিতে সিরিয়া, লিবিয়া, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান থেকে শুরু করে আফ্রিকার অনেক মুসলিম দেশে জঙ্গি তৎপরতা ও অস্ত্রের ব্যবহার, সংঘর্ষ দেশগুলোকে কোথায় নিয়ে গেছে এবং এসব দেশে এমন পরিস্থিতির পেছনে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি কতটা ইন্ধন যোগাচ্ছে তা এই ইন্টারনেটের যুগে কারো অজানা নয়। এমন অবস্থায় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্যে কোনো উদ্যোগ নিয়েছেন আমাদের জানা নেই। বরং ওসামা বিন লাদেনের মত আলকায়েদা নেতার উত্থান তার দেশ থেকেই হয়েছে। তালেবানের ধারাবাহিক সংস্করণ আইএস জঙ্গিদের পেছনে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে এমন অভিযোগ যেখানে রয়েছে সেখানে এত অস্ত্র না কিনে সৌদি আরব বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় যেমন হার্ভার্ড, অক্সফোর্ড, এমআইটি, সোরবোর্ন, এলএসই, মোনাস’এর মত যদি একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে তেল বিক্রির টাকা খরচ করত তাহলে বিশ্বমুসলিমের কিছুটা হলেও কাজে লাগত। জ্ঞানই শক্তি এধরনের কোনো উপলব্ধি থেকে এবং সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের শাসকরা বিলাসিতা থেকে কিছুটা বিরত থেকে মুসলমানদের জন্যে যদি সত্যি কিছু করতে চাইত তাহলে এত অস্ত্রের প্রয়োজন হত না। লক্ষ্যনীয় যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও পশ্চিমা দেশগুলোর নেতারা যখনই সৌদি আরব যান তখনি দেশটি এসব নেতাদের কাছ থেকে শত শত বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেনার ঘোষণা দেন।
সৌদি আরব যে অর্থে অস্ত্র কিনছে তা দেশটির জনগণের কষ্টার্জিত শ্রমের পয়সা না হলেও মাটির নিচে অঢেল ছড়িয়ে থাকা তেলের পয়সায় কেনা হচ্ছে। সৌদি আরব কোনো শিল্প উন্নত দেশ নয়। দ্বিতীয়ত শত শত যেসব প্রতিষ্ঠান দেশটিতে রয়েছে তার সিংহভাগ মালিকানা মার্কিনিদের হাতে এবং বাণিজ্য উদ্বৃত্ত যুক্তরাষ্ট্রের পক্ষেই। এরপর হজ করতে যেয়ে হাজিরা যে ব্যয় দেশটিতে করে তাও আরেক আয়ের এক বিরাট উৎস। হজ কিংবা উমরা হজের জন্যে হাজিরা যে অর্থ খরচ করেন তার কিয়দংশ যদি সৌদি আরব অস্ত্র কেনায় ব্যয় করে এবং এমন অস্ত্র যদি সিরিয়া ও ইয়েমেনে নিরীহ মানুষকে হত্যার জন্যে ব্যবহার হয় তাহলে আমরাও গোমরাহী হয়ে পড়ব তাতে কোনো সন্দেহ নেই।
ট্রাম্প মুসলমানদের শত্রু না মিত্র সে বিতর্কে না যেয়েও বলা যায়, প্রথম দেশ হিসেবে সৌদি আরব সফরের পর তিনি ইসরায়েল সহ অন্য কোন কোন দেশে যাচ্ছেন এবং সেখানে কি বলবেন তার দিকে যদি খেয়াল রাখি তাহলে মুসলমানদের কিছুটা হুঁশ ফিরলেও ফিরতে পারে। ট্রাম্প ২০১৬ সালের মার্চ মাসে বলেছিলেন, ইসলাম যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত। ১৯৭৯ সালে ইরানে যখন বিপ্লব হয় সেই সময়ে সৌদি আরব এধরনের এজেন্ডা তৈরির পর যুক্তরাষ্ট্র প্রশাসন তাদের সমর্থনও করেছিল।
সৌদি আরবের রাজতন্ত্র টিকিয়ে রাখতে যেমন যুক্তরাষ্ট্র সহ পরাশক্তি দেশগুলোর লেজুরবৃত্তি দরকার তেমনি ওসব দেশের সৌদির মত দেশগুলোকে শোষণ করে, দেশগুলোর জনগণকে জ্ঞান অর্জনের মত আসল যুদ্ধ থেকে সরিয়ে রাখতেই এত বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি প্রয়োজন। মুসলমানদের জ্ঞান অর্জন ফরজ, সেই পথে সৌদি আরব বিশ্বমুসলিমকে নেতৃত্ব না দিয়ে আক্রান্ত হবার আগেই কেন অস্ত্র ক্রয়ের মত কাজকে ফরজ হিসেবে বেছে নিয়েছে সে জবাব বাদশাহদের আল্লাহর কাছেও দিতে হবে।











