বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাদুঘর জীবন্ত ইতিহাসের আকর’

news-image

জাদুঘর শুধু কিছু ঐতিহাসিক জড় বস্তুর সমাহার নয়, এটি জীবন্ত ইতিহাসের আকর। জাদুঘর অতীত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এবং বর্তমানের সঙ্গে যোগসূত্র স্থাপন করে। এ প্রক্রিয়ায় আমরা সামনে অগ্রসর হই।’
আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় জাদুঘরের সাত দিনের অনুষ্ঠানমালা ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর এ দেশের সহস্রাব্দ প্রাচীন আবহমান ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ, লালন ও সংরক্ষণ করে। সময়ের বিবেচনায় জাদুঘরকে সম্প্রসারণের নানা উদ্যোগ নিয়েছি। কিছুদিন আগে জাতীয় জাদুঘরকে ভার্চ্যুয়াল জাদুঘরে পরিণত করা হয়েছে। এর ফলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিভিন্ন নিদর্শন দেখতে পাচ্ছেন।’
গতকাল বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক জাদুঘর দিবস। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের সাত দিনের অনুষ্ঠানমালা ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ‘জাদুঘর কি বিতর্কিত ইতিহাসের অভয়ারণ্য?’ এই প্রতিপাদ্য ধারণ করে আন্তর্জাতিক জাদুঘর দিবসে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত সাত দিনের অনুষ্ঠানমালা ও প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস-আইকমের সভাপতি অধ্যাপক প্রেম সিং বাসাত। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি চিত্রশিল্পী হাশেম খান। এর আগে স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
জাদুঘরকে শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘কুষ্টিয়ায় কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর, পাবনায় মহানায়িকা সুচিত্রা সেন সংগ্রহশালা ও ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্‌দীন সংগ্রহশালা প্রতিষ্ঠা করা হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় স্বাধিকার আন্দোলনের নেত্রী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে স্মৃতি সংগ্রহশালা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ থেকে প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নেবে।’ আসাদুজ্জামান নূর বলেন, যারা ব্যক্তিগতভাবে জাদুঘর গড়ে তুলতে চায়, তাদের সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করা হবে।
আইকম সভাপতি নেপালি অধ্যাপক প্রেম সিং বাসাত বাংলাদেশের জাতীয় জাদুঘর একটি সুগঠিত প্রতিষ্ঠান মন্তব্য করে বলেন, এখানে দেখার মতো অনেক নিদর্শন রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উন্নয়ন ও বিকাশে বিশেষ অবদান রাখার জন্য জাদুঘরের সাবেক মহাপরিচালক শিক্ষাবিদ গবেষক এনামুল হককে জাদুঘরের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। জাদুঘরের নিদর্শন সংগ্রহে বিশেষ সম্মাননা জানানো হয় ওলী মিয়াকে। তিনি জাদুঘরের প্রায় ১০ হাজার নিদর্শন সংগ্রহে প্রত্যক্ষ অবদান রেখেছেন।
আলোচনা অনুষ্ঠান শেষে জাদুঘরে সংরক্ষণের জন্য দাতাদের কাছ থেকে শতাধিক বিভিন্ন নিদর্শন গ্রহণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এর মধ্যে ছিল হজরত উসমান (রা.) সময়ের হাতে লেখা পবিত্র কোরআন ‘মাসহাফে উসমানি’র ছায়ালিপি। এটি এত দিন সংরক্ষিত ছিল ইসলামিক ফাউন্ডেশনে। জাদুঘরের সূত্র জানায়, বিশ্বে এ ধরনের কোরআন শরিফের পাঁচটি কপি রয়েছে। আরও ছিল বাংলা সাময়িকপত্র সওগাত ও বেগম পত্রিকার কপি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একই জায়গায় ছিল দিবসের প্রতিপাদ্য ‘জাদুঘর হতে পারে বিতর্কিত ইতিহাসের অভয়ারণ্য’ শীর্ষক আলোচনা সভা। সন্ধ্যায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল বাউলগানের আসর।
এর আগে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে শুরু হয়েছে নিদর্শনের বিশেষ প্রদর্শনী। যেখানে প্রদর্শন করা হচ্ছে মহাস্থানগড়ের হাজার বছর আগের অনেক পুরাকীর্তি।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি