বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির গণতন্ত্র ম্যাজিকের তাস: ওবায়দুল কাদের

news-image

 

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির গণতন্ত্রকে ম্যাজিকের তাস বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনা গ্রিন রেস্তোরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল শাখার ছাত্রলীগ নেত্রীদের সঙ্গে এক মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন তারা বর্জন করল গণতন্ত্র উদ্ধার করবে বলে। তখন তারা কত মানুষ পুড়িয়ে মারল। তারা ১৬৫ জন মানুষকে পুড়িয়ে হত্যা করল। অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালো। এর আগে হেফাজতের সমাবেশ দেখে খালেদা জিয়া গদ গদ হয়ে ঢাকাকবাসীকে তাতে যোগ দিতে আহ্বান জানালেন। এর পর বায়তুল মোকররম মসজিদে আমরা আগুণ জ্বলতে দেখলাম। কোরআন শরীফ পুড়লো। এটা কি বিএনপির গণতন্ত্র? পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা কি তাদের গণতন্ত্র? তাদের গণতন্ত্র আসলে ম্যাজিকের তাস। কথায় কথায় রং বদলায়। কখনো বিবি, কখনো গোলাম।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর কেন হবে? কেন অবরোধ হবে? একটা মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে অবরোধে আটকা পড়া মূমুর্ষ রোগী মারা গেলে তখন কি হবে? ডাক্তারের জন্য রোগী মারা গেলে শাস্তি পাবে ডাক্তার, হাসপাতালে কেন ভাংচুর হবে? প্রতিবাদের নামে হাজার হাজার মানুষকে কষ্ট দেয়া চলবে না।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য দলের ভেতরের ষড়যন্ত্রকারীদের শেখ হাসিনা দায়ী করলেও তখন বিতর্কিত ভূমিকা পালনকারীদের এখন সঙ্গে রাখার কারণ জানতে চেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সাংবাদিকরা এর প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, এগুলোর প্রতিক্রিয়া দিবে হাছান, তার ওপরে হানিফ, আরো উপরে আমি দিব।

হাওর অঞ্চলের দুর্গত মনুষের ত্রাণ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাওরে গিয়েছেন কি না তার প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, বিএনপি নেতারা ঢাকায় বসে এতো বড় বড় কথা বলছেন। তাদের নেত্রী (খালেদা জিয়া) যিনি তিন তিন বারের প্রধানমন্ত্রী তিনি কি একবারো হাওড়ে গিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার হাওড় অঞ্চলে গিয়েছিলেন। তিনি দুর্গত মানুষের কোনো সাহায্য দেননি। যারা সেখানে সাহায্য নিতে এসেছিল তারা খালি হাতে ফিরে গেছেন। আসলে তিনি গিয়েছিলেন সেখানে ফটো সেশনের জন্য। এর পর ঢাকায় এসে এটা নিয়ে বড় বড় কথা বলছেন।

কাদের বলেন, বিএনপি যে গণতন্ত্রের কথা বলে আসলে তাদের মুখে গণতন্ত্রের বুলি ‘ভূতের মুখে রাম নাম। তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিলো রাতের বেলায় কার্ফিউ আর দিনের বেলা খাল কাটা।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ছাত্র লীগের নেতাদের আকর্ষণীয় হতে হবে। মেধা, বুদ্ধি, যোগ্যতা, দক্ষতা দিয়ে তাদের আকর্ষণীয় হতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের এমন কিছু করা যাবে না যাতে শেখ হাসিনা কষ্ট পান। ছাত্রলীগের দুই এক জনের খারাপ আচরণে শেখ হাসিনার উন্নয়ন, অর্জন যেনো নষ্ট না হয় সে দিকে লক্ষ রাখতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।