কুলভূষণের ফাঁসি স্থগিতে আন্তর্জাতিক আদালতের আদেশ
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হওয়ার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতের নৌবাহিনীর প্রাক্তন কর্মকর্তা কুলভূষণ যাদবের ফাঁসি কার্যকর স্থগিতের আদেশ দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)।
আইসিজে আদেশে বলেছেন, যতক্ষণ শুনানি শেষ না হয়, ততক্ষণ কুলভূষণের ফাঁসি স্থগিত রাখতে হবে পাকিস্তানকে।
ভারত সরকার আইসিজের কাছে অভিযোগ করেছে, কুলভূষণের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষকে দেখা করতে না দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে পাকিস্তান।
২০১৬ সালে পাকিস্তানের বেলুচিস্তান থেকে গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হন কুলভূষণ এবং গত মাসে তার মৃত্যৃদণ্ডের রায় হয়। কুলভূষণকে বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত দাবি করেছে, তাকে অপহরণ করেছে পাকিস্তান। ভারতের এ দাবি পাকিস্তান অস্বীকার করেছে।
সুইজারল্যান্ডের হেগে আন্তর্জাতিক আদালতে পাকিস্তান দাবি করে, এই মামলা আইসিজের আওতায় পড়ে না। কিন্তু তা প্রত্যাখ্যান করে আইসিজে এ মামলা পরিচালনা করতে পারে বলে জানিয়ে উভয় পক্ষের শুনানি গ্রহণ করছেন।
বৃহস্পতিবার আইসিজের প্রেসিডেন্ট রনি আব্রাহাম বলেছেন, ‘যেহেতু এ আদালত সিদ্ধান্ত দেওয়ার আগে পাকিস্তান কুলভূষণের ফাঁসি কার্যকর বন্ধ করার নিশ্চয়তা দিতে পারছে না, সেহেতু এ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখতে পাকিস্তান সরকারকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরিপূর্ণ এখতিয়ার রয়েছে আদালতের।’
তিনি আরো বলেন, ‘কুলভূষণের জন্য ভারতের ‘‘কনস্যুলার এক্সেস’’ পাওয়ার অধিকার রয়েছে।’
আন্তর্জাতিক আইনের অধীনে আন্তঃদেশীয় সমস্যা নিরসনের জন্য ১৯৪৫ সালে আইসিজে প্রতিষ্ঠিত হয়। এর আগে ভারত ও পাকিস্তান এই আদালতের শরণাপন্ন হয় ১৯৯৯ সালে। পাকিস্তানি নৌবাহিনীর একটি বিমান ভূপাতিত করায় ১৬ জন নিহত হওয়ার বিচার দাবি করে ভারতের বিরুদ্ধে মামলা করে পাকিস্তান। আদলত তখন বলেছিলেন, মামলাটি নিষ্পত্তির এখতিয়ার আইসিজের নেই এবং মামলা বন্ধ করে দেন।
কিন্তু কুলভূষণের যাদবের মামলাটি বিভিন্ন দিক থেকে সেই সময়ের চেয়ে আলাদা। কীভাবে, কখন কুলভূষণ গ্রেপ্তার হন, কীভাবে তার বিচার হয়, বিষয়গুলো নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।
পাকিস্তানের দাবি, ২০১৬ সালের ৩ মার্চ সহিংসাকবলিত বেলুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের অভিযোগ, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের উসকানি দিচ্ছে ভারত। অন্যদিকে, ভারতের অভিযোগ, ইরান থেকে তাকে অপহরণ করে পাকিস্তান।
পরমাণু অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রায়ই কূটনৈতিক উত্তেজনা দেখা যায়। নয়াদিল্লি ও ইসলামাবাদ গুপ্তচরবৃত্তির জন্য পরস্পরকে দায়ী করে থাকে।
ভারত গুপ্তচরবৃত্তির অভিযোগ আনায় গত বছর নভেম্বর মাসে দিল্লির কূটনৈতিক মিশন থেকে ছয় কর্মকর্তাকে প্রত্যাহার করে পাকিস্তান। এরপর গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের ইসলামাবাদ মিশনের ছয় কর্মকর্তার নাম-পরিচয় ও ছবি প্রকাশ পায় পাকিস্তানি গণমাধ্যমে। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসি কার্যকরের ঘটনা বিরল।
১৯৯৯ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক শেখ শামিমের ফাঁসি কার্যকর করে পাকিস্তান। তবে সাজার ১০ বছর পর তা কার্যকর হয়।
ভারতীয় নাগরিক সরবজিৎ সিং ২০১৩ সালে পাকিস্তানের কারাগারে মারা যান। মৃত্যুদণ্ড হওয়ার ২০ বছরের বেশি সময় তিনি কারাভোগ করেন। কারা-কর্মকর্তাদের দাবি, অন্য বন্দিদের হামলায় প্রাণ যায় সরবজিতের।











