বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ দলে আসতে চায় ইসলামিক ফ্রন্ট : নাসিম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে আসতে চায় ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’। এ কথা জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

নাসিম বলেন, আজকে ইসলামিক ফ্রন্টের দুজন নেতা-মাওলানা সৈয়দ বাহাদুর শাহ এবং মাওলানা জয়নাল আবেদিন জুবায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছে। তারা ১৪ দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার ইচ্ছে পোষণ করেছেন।

ইসলামিক ফ্রন্ট ১৪ দলে অন্তর্ভুক্ত হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, আমরা তাদের বলেছি ১৪ দলের একটি নীতি আদর্শ আছে। সে অনুযায়ী তাদের গঠনতন্ত্র, ঘোষণাপত্র দেখে তারে সঙ্গে কথা বলে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো। তবে তাদের ধন্যবাদ জানাই যে, তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ইচ্ছে পোষণ করেছেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার বিষয়ে বিএনপির ‘ভিশন ২০৩০’ বেগম খালেদা জিয়া যা বলেছেন তা মোটেই বাস্তব সম্মত নয় বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, কদিন আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তথাকথিত ভিশন ঘোষণা করেছে। ১৪ দল মনে করে এ ভিশনের প্রথমেই জনগণের কাছে তাদের অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল। বিচারহীনতার সংস্কৃতি এগিয়ে নেয়ার জন্য তাদের যে কর্মকাণ্ড ছিল যে, বঙ্গবন্ধু খুনিদের আশ্রয় দিয়েই ক্ষ্যান্ত হননি, মন্ত্রীও বানিয়েছিলেন। হাওয়া ভবন সৃষ্টি করে ইতিহাস সৃষ্টি করেছিলেন বেগম খালেদা জিয়া। তারা দেশের নানা হত্যাকাণ্ড করেছে, জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। সে কারণেই তাদের উচিৎ ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া। ‍সুতরাং ভিশন কিছুই নয় জনগণকে একটি ভ্রান্তির মধ্যে ফেলে ক্ষমতায় আসতে চান তারা। নির্বাচন আসতে চান ভালো, আমরা স্বাগত জানাই, আমরা আশা করব জ্বালাও পুড়াও বাদ দিয়ে আসবেন। কিন্তু অতীতকে ভুলে গেলে হবে না।

নাসিম বলেন, তিনি (খালেদা জিয়া) তার আমলেই রাষ্ট্রপতিকে অবমাননা করেছেন। সুতরাং তার মুখে একথা মানে জনগণের সঙ্গে প্রতারণা করার সামিল।

খালেদা জিয়া একবারও যুদ্ধাপরাধীদের কথা বলেনি জানিয়ে তিনি বলেন, তিনি একবারও বলেননি, একাত্তরের ঘাতকদের বিচার না করে, বরং সমর্থন করে ভুল করেছি। সুতরাং তারা মুক্তিযুদ্ধের কী চেতনা বাস্তবায়ন করবেন তা জনগণ বুঝে গেছে। নারীর ক্ষমতায়নের বিষয়ে তো দূরের কথা, নারীর অধিকার নিয়ে তিনি একটি কথাও বলেনি। আমাদের নেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য যে কাজ করেছেন তা সবার জানা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পূর্ব ঘোষণা ছিল মে মাসে রমজানের মধ্যে এবং রমজানের পরে আমরা বর্তমান সরকারের উন্নয়ন প্রচার ও একাত্তরের-পঁচাত্তররের ঘাতকদের সমর্থক দলের নানা কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার জন্য কর্মসূচি নেব। আমরা কী কী কর্মসূচি নেব তা আপনাদের পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেব।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মনেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর