,

নাটোরে চালের বাজারে অস্থিরতা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নাটোর শহরের কানাইখালী বাজারে চাল কিনতে এসেছেন দিনমজুর বাবুল মিয়া। কিন্তু দাম শুনেই তার মুখ শুকিয়ে গেছে। বলছিলেন, ‘আগে প্রতি শুক্রবার মাছ-মাংস খাইতাম, কিন্তু চালের দাম বৃদ্ধি পাওয়ায় যা আয় করি তাতে আর ভালো খাওয়ার সুযোগ হয়না।’

নাটোরের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। হঠাৎ চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে এই ফাঁকে ফায়দা লুটছে মজুদকারী অসাধু ব্যবসায়ীরা। তবে তারা বলছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে চলনবিলের বিস্তীর্ণ এলাকার বোরো ধান পানিতে তলিয়ে গেছে। আর তাই চাউলের বাজার অস্থিরতা দেখা দিয়েছে।

শনিবার সরেজমিনে নাটোরে চালের বাজার গুলো ঘুরে দেখা যায়, মোটা গুটি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে পাইকারি কেজিতে ৩৮ থেকে ৩৯ টাকা, খুচরা বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪২ টাকা, যা কদিন আগে বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকা দরে। চিকন স্বর্ণা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮ টাকা। ছোট-বড় দোকানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে ৫০ টাকা, পাইজাম ৫২ টাকা। অথচ কদিন আগেও সব ধরনের চালের দাম ৫ থেকে ৭ টাকা কম ছিল।

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি গ্রামের কৃষক আফজাল হোসেন আক্ষেপের সুরে বলছিলেন, ‘ধান বেঁচতে গিয়ে মণ প্রতি ৯৩০ টাকার বেশি পাইনি অথচ চাল কিনতে হচ্ছে ৫০ টাকা কেজি’। একই অভিযোগ করেন নাটোরের খোলাবাড়িয়া গ্রামের কাওছার আলী। তিনি জানান, গত এক মাস আগে পুরাতন ধান বেঁচেছেন ১ হাজার টাকা মন দরে। এখন ৫০ টাকা কেজি দরে চাল কিনতে হচ্ছে।

নাটোরের বাজারে চালের দাম প্রতিনিয়ত হু হু করে বাড়ছেই। বাজারে পর্যাপ্ত চাল না থাকার গুজবে অনেক ক্রেতা ছুটে যান চাল কিনতে। প্রতি কেজি চালের দাম ৫০ টাকা, দাম শুনেই চমকে উঠেন অনেকেই। মাত্র ১৫ দিনের ব্যবধানে নাটোরে সব ধরনের চালের দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা করে বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন মধ্য ও নিম্ন আয়ের ক্রেতারা।

তাদের অভিযোগ সব ধরনের চালের দাম প্রতি কেজি ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা আমদানী না থাকার অজুহাত দেখিয়ে চালের আকাশচুম্বী দাম হাঁকছেন। ভারী বর্ষণ ও বন্যাকে পুঁজি করে রমজান মাসের আগেই চালের দাম বাড়িয়ে দিতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছেন।

শহরের কানাইখালীর আড়তে চাল কিনতে আসা ক্রেতা আব্দুল গফুর জানান, চাল পাওয়া যাচ্ছে না শুনে শনিবার সকালে তিনি বাজারে আসেন। বিভিন্ন দোকান ঘুরে তিনি মোটা স্বর্ণা চাল কিনেছেন প্রতি কেজি ৪২ টাকা দরে। অপর ক্রেতা শাহেদুল আলম রোকন একই অভিযোগ করে বলেন, তাকে পাইজাম চাল কিনতে হয়েছে প্রতি কেজি ৫২ টাকা দরে। অথচ সপ্তাহ খানেক আগে একই চাল তিনি কিনেছেন ৪৩ টাকা দরে।

এদিকে চালের দাম বাড়ার জন্য খুচরা, পাইকারি ও মিল মালিকরা একে অপরকে দায়ী করছেন। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে চালের দাম বাড়ার কারণে তারাও বাড়াতে বাধ্য হয়েছেন। আবার পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকরা চালের সরবরাহ কমিয়ে দিয়েছেন, একই সঙ্গে দামও বাড়িয়েছেন। ফলে তাদের কাছ থেকে বেশি দামে চাল কেনার কারণে বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে শষ্য ভাণ্ডার হিসেবে খ্যাত নাটোরের চলনবিলের বিস্তীর্ণ এলাকার প্রায় তিন হাজার হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে যায়। আর এটাকে পুঁজি করে ব্যবসায়ীরা কৃত্তিম সংকট দেখিয়ে চাউলের বাজার অস্থিতিশীল করেছে। এক মাসের ব্যবধানে দুই দফা চাউলের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের প্রতি ক্ষুব্ধ ক্রেতারা।

ব্যবসায়ী হারুনুর রশীদ শামীম জানান, নতুন ধান বাজারে উঠলেও তা পর্যাপ্ত নয়। এ সব নতুন ধানের বেশির ভাগই চিটা ও ভেজা। এছাড়া এখনও সম্পূর্ণ ধান কাটা হয়নি। অপর ব্যবসায়ী দুলাল জোয়ার্দার জানান, ধানের গুদাম খালি ও মিলেও কোন ধান মজুদ নেই। ধানের অভাবে নাটোরের ৬টি আটো রাইসমিল ও চাতালসহ হাসকিং মিলের সব কয়টি বন্ধ রয়েছে।

ধান কল মালিক মোবারক হোসেন ও শরীফুল ইসলাম জানান, ধান সংকটের কারনে তাদের সহ অধিকাংশ মিল বন্ধ রয়েছে। নতুন ধানও প্রয়োজনীয় পরিমান পাওয়া যাচ্ছে না। হাটে বাজারে ওঠা ধানেও ফলন নেই এবং ভেজা রয়েছে। তবে রোদ্রৌজ্জল আবহাওয়া বিদ্যমান থাকলে ধানকলগুলো আবার সচল হয়ে উঠবে। তখন চালের বাজার কমে আসবে।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৬টি আটো রাইস মিল ও চাতালসহ হাসকিং মিল (ধান ভাঙ্গানো কল) রয়েছে পাঁচ শতাধিক। ধান না থাকায় প্রায় সবগুলো মিলেই চাল উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে চালের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ায় নাটোরে বড় ধরনের কোনো বিপর্যয় না ঘটলেও প্রচার প্রচারণায় গুজবের সৃষ্টি হয়েছে। এই কারণে চালের বাজারে এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিষয়টি তার জানা নেই। ইতোমধ্যে নতুন ধান কাটা শুরু হয়েছে। অচিরেই দাম কমে যাবে বলে আশা করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে